উপসাগরীয় দেশগুলোতে হামলা বন্ধের আহ্বান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের
ছবি: সংগৃহীত
০৯:৩০ এএম | ১২ মার্চ, ২০২৬
উপসাগরীয় দেশগুলোর ওপর হামলা অবিলম্বে বন্ধ করতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। এ বিষয়ে একটি প্রস্তাব পাস করা হয়েছে।
প্রস্তাবে বলা হয়েছে, বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও জর্ডানের ওপর ইরানের হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং এটি বিশ্বশান্তির জন্য গুরুতর হুমকি।
১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে প্রস্তাবটি ১৩ ভোটে পাস হয়। তবে ইরানের ঘনিষ্ঠ মিত্র চীন ও রাশিয়া ভোটদানে বিরত থাকে। তারা ভেটো না দেওয়ায় প্রস্তাবটি অনুমোদিত হয়।
গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে হামলা চালিয়েছে বলে অভিযোগ রয়েছে। তবে তেহরান বলছে, তারা মূলত ওই অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে।
প্রস্তাবে আরও বলা হয়েছে, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করতে পারে-এমন কোনো পদক্ষেপও গ্রহণ করা যাবে না। কারণ এই জলপথ দিয়ে উপসাগরীয় অঞ্চলের বিপুল পরিমাণ তেল ও গ্যাস বিশ্ববাজারে যায়।
তবে প্রস্তাবে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার বিষয়ে কোনো উল্লেখ করা হয়নি।
তথ্যসূত্র : শাফাক নিউজ
কেএন/এসএন