মনিকা কবিরকে ‘পানি ছিটানো’ ঘটনার বর্ণনা দিলেন সেই বৃদ্ধ
ছবি: সংগৃহীত
১০:০৭ এএম | ১২ মার্চ, ২০২৬
ঢাকার রাস্তায় রুশ তরুণী মনিকা কবিরের বিচরণ এখন রীতিমতো 'টক অব দ্য টাউন'। কখনও গুলশান-বনানীর ব্যস্ত পথে অসংখ্য ব্যাগ হাতে নিয়ে দৌড়ে চলা, আবার কখনও রিকশা বা মেট্রোরেলে তার সাবলীল উপস্থিতি সব মিলিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এখন বেশ আলোচিত। তার এই বিচিত্র সব কর্মকাণ্ড আর চঞ্চলতা শহরবাসীকে যেমন মুগ্ধ করছে, তেমনি অনেককে করছে বিস্মিত।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশের পর আবার আলোচনায় আসে রুশ তরুণী মনিকা কবির। ভাইরাল সেই ভিডিওতে দেখা যায়, মনিকা কবির রাস্তায় দাঁড়িয়ে একটি ভিডিও শুট করছিলেন। এমন সময় দোকান থেকে এক বৃদ্ধ পানি ছিটাতে থাকেন, আর সেই পানি এসে লাগে তার গায়ে।
সেই ভিডিও এখন নেট দুনিয়ায় ভাইরাল। এই ভিডিও দেখে কেউ মনিকার পক্ষে কথা বলছেন, আবার কেউ বৃদ্ধের পক্ষে।
তবে সম্প্রতি সেদিন কী ঘটেছিল তা জানালেন দোকানের সেই বৃদ্ধ আব্দুর রহিম। গণমাধ্যমে এক সাক্ষাৎকারে তিনি জানান, গত শুক্রবার দোকানে বসে আছি। আমার দোকান যেহেতু বাইরে, তাই দোকানের মধ্যে অনেক ধুলাবালি আসে। যার জন্য আমি দোকানের বাইরে পানি ছিটা দিচ্ছিলাম যাতে ধুলা না উড়ে। কিন্তু পানির ছিটাটা মেয়েটার মোবাইলের ক্যামেরার মধ্যে গিয়ে পড়ে।

এরপর মেয়েটি এসে চিৎকার করতে শুরু করেন। সেই সঙ্গে বলতে থাকে, মেয়ে দেখে আপনি পানি মেরেছেন।
তিনি বলেন, আমি মেয়ে দেখে কেনো পানি মারবো? বৃদ্ধ আরও জানান, এই কথা শুনেই মনিকা রিয়্যাক্ট করতে শুরু করে।
সংবাদিকের প্রশ্নের জবাবে আব্দুর রহিম বলেন, আমি নিজের ওপরই বিরক্ত। আমি কোনো এভাবে পানি ছিটাচ্ছিলাম। এর জন্য আমি দুঃখিত। আমি বুঝতে পারিনি পানিটা উনার কাছ পর্যন্ত যাবে।
আপনি উনাকে চিনতেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি উনাকে চিনতাম না। নানা আলোচনা-সমালোচনার পর জানতে পারি উনি একজন মডেল।
এমকে/এসএন