তেহরানে নিজেদের দূতাবাস সাময়িকভাবে বন্ধ করল সুইজারল্যান্ড
ছবি: সংগৃহীত
১০:১৭ এএম | ১২ মার্চ, ২০২৬
নিরাপত্তাজনিত কারণে তেহরানে নিজেদের দূতাবাস সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে সুইজারল্যান্ড। ইরানে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত অলিভিয়ের ব্যাঙ্গার্টার-সহ দূতাবাসের সর্বশেষ ৫ সুইস কর্মী ইতোমধ্যে ইরান ত্যাগ করেছেন।
গতকাল এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সুইজারল্যান্ডের পররাষ্ট্র দপ্তর। পররাষ্ট্রমন্ত্রী গানাজিও ক্যাসিস স্বাক্ষরিত সেই বিবৃতি বলা হয়েছে, “ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলা এবং তার প্রতিক্রিয়ায় ইরানের প্রতিরক্ষা বাহিনী কর্তৃক মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আক্রমণের প্রেক্ষিতে সৃষ্ট নিরাপত্তাজনিত আশঙ্কার কারণে তেহরানে সুইজারল্যান্ডের দূতাবাস সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।”
“ইরানের দূতাবাসে সুইজারল্যান্ডের মোট ১০ জন নাগরিক ছিলেন। তাদের মধ্যে ৪ জন গত ৩ মার্চ এবং রাষ্ট্রদূত অলিভিয়েল ব্যাঙ্গার্টার-সহ বাকি ৬ জন আজ বুধবার তেহরান ত্যাগ করেছেন। যখন পরিস্থিতির উন্নতি ঘটবে, তখন ফের দূতবাস খোলা হবে এবং পূর্ণমাত্রার কার্যক্রম শুরু হবে।”
কূটনৈতিক ক্ষেত্রে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতার ভূমিকায় আছে সুইজারল্যান্ড। ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের পর ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে যুক্তরাষ্ট্র। তারপর থেকে ইরানে বসবাসরত কিংবা ভ্রমণে ইচ্ছুক মার্কিন নাগরিকদের কনস্যুলার পরিষেবা দিয়ে যাচ্ছে সুইজারল্যান্ড।
মঙ্গলবারের বিবৃতিতে সুইস পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দূতাবাস বন্ধ হলেও ইরানে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য কনস্যুলার পরিষেবা অব্যাহত থাকবে।
সূত্র : এএফপি, আনাদোলু এজেন্সি
এমআই/এসএন