© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সমাজমাধ্যমে পরিচয়, ছয় মাসের সম্পর্কের পর বিয়ে করলেন ভাইরাল মোনালিসা

শেয়ার করুন:
সমাজমাধ্যমে পরিচয়, ছয় মাসের সম্পর্কের পর বিয়ে করলেন ভাইরাল মোনালিসা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৩৮ এএম | ১২ মার্চ, ২০২৬
মহাকুম্ভ মেলায় ভাইরাল হয়ে পরিচিতি পাওয়া তরুণী মোনালিসা ভোঁসলে এবার ব্যক্তিজীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় হওয়া এক যুবককে বিয়ে করেছেন তিনি। বুধবার কেরালার তিরুঅনন্তপুরমের পুবার এলাকায় পুলিশের উপস্থিতিতে তাঁদের বিয়ে সম্পন্ন হয়।

মোনালিসা ভোঁসলে নামটি অনেকের কাছে হয়তো খুব পরিচিত নয়। তবে ‘কুম্ভমেলা গার্ল’ বা ভাইরাল মোনালিসা নামে তিনি বেশ পরিচিত। গত বছরের মহাকুম্ভ মেলায় তাঁর একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই আলোচনায় আসেন তিনি।

জানা গেছে, প্রায় ছয় মাস আগে ফেসবুকে এক যুবকের সঙ্গে পরিচয় হয় মোনালিসার। ধীরে ধীরে সেই পরিচয় ঘনিষ্ঠতায় রূপ নেয়। পরে তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন। তবে এই সম্পর্ক নিয়ে পরিবারের পক্ষ থেকে আপত্তি ছিল বলে দাবি করেছেন মোনালিসা।

মোনালিসার ভাষ্য অনুযায়ী, ভিন্ন ধর্মের এক যুবককে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়ায় পরিবার প্রথমে বিষয়টি মেনে নেয়নি। এমনকি তাঁর পরিবারের পক্ষ থেকে দূরসম্পর্কের এক আত্মীয়ের সঙ্গে জোর করে বিয়ে দেওয়ার চেষ্টাও করা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। এরপর তিনি পুলিশের শরণাপন্ন হন।

কেরালার থাম্পানুর থানায় একটি অভিযোগ দায়ের করেন মোনালিসা। পরে পুলিশ তাঁর পরিবারের সদস্যদের থানায় ডেকে পাঠায়। সেখানে তাঁদের জানানো হয়, মোনালিসা প্রাপ্তবয়স্ক এবং নিজের জীবনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাঁর রয়েছে। পুলিশের মধ্যস্থতার পর অবশেষে বুধবার কেরালার তিরুঅনন্তপুরমে বিয়ে সম্পন্ন হয়।



বিয়ের সময় লাল শাড়ি, সিঁথিতে সিঁদুর এবং গলায় ফুলের মালা পরে দেখা যায় মোনালিসাকে। খুব সাদামাটা আয়োজনেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

মোনালিসা মধ্যপ্রদেশের ইন্দোরের বাসিন্দা। অন্যদিকে তাঁর স্বামী মহারাষ্ট্রের বাসিন্দা। বর্তমানে তিনি একটি মালয়ালম চলচ্চিত্রে অভিনয় করছেন। ‘নাগাম্মা’ নামের সেই ছবির শুটিংয়ের কাজও চলছে।

২০২৫ সালে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে অনুষ্ঠিত মহাকুম্ভ মেলায় ঘুরে ঘুরে মালা বিক্রি করছিলেন মোনালিসা। খুড়তুতো বোনদের সঙ্গে সেই কাজ করার সময় তাঁর চোখের সৌন্দর্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। এরপর থেকেই তিনি ব্যাপক পরিচিতি পান।

ভাইরাল হওয়ার পর থেকেই তাঁর জীবনে বড় পরিবর্তন আসে। বিভিন্ন বিজ্ঞাপন ও চলচ্চিত্রে কাজের প্রস্তাব পেতে শুরু করেন তিনি। আগে যেখানে প্লাস্টিক দিয়ে ঢাকা অস্থায়ী ছাউনি ও জরাজীর্ণ ঘরে দিন কাটত, এখন তাঁর জীবনযাত্রায় এসেছে বড় পরিবর্তন।

বর্তমানে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয়। পাশাপাশি একটি মালয়ালম চলচ্চিত্রে অভিনয় করছেন। শোনা যাচ্ছে, ভবিষ্যতে বলিউডের একটি চলচ্চিত্রেও তাঁর অভিষেক হতে পারে।

এমকে/এসএন

মন্তব্য করুন