সুস্থ থাকার আসল রহস্য নিয়ে বার্তা দিলেন বলিউড অভিনেতা ও মডেল মিলিন্দ সোমান
ছবি: সংগৃহীত
০৩:৫৬ পিএম | ১২ মার্চ, ২০২৬
অনেকের কাছেই ফিটনেস মানে নিখুঁত শরীর, সিক্স প্যাক অ্যাবস কিংবা শক্তিশালী পেশি। কিন্তু জনপ্রিয় ভারতীয় মডেল ও অভিনেতা মিলিন্দ সোমানের মতে, ফিটনেস আসলে বাহ্যিক সৌন্দর্যের বিষয় নয় এটি জীবনের নানা চাপ সামলানোর ক্ষমতা। ৬০ বছর বয়সেও দৌড়, ব্যায়াম ও সক্রিয় জীবনযাপনের মাধ্যমে নিজেকে যেভাবে ধরে রেখেছেন, তাতে অনেক তরুণ তাকে অনুপ্রেরণা হিসেবে দেখেন। তবে মিলিন্দ সোমান নিজেকে অনুপ্রেরণা বলতে চান না। তার মতে, অনুপ্রেরণা চারপাশেই আছে শুধু তা দেখার দৃষ্টিটাই প্রয়োজন।
১৯৯০-এর দশকে সুপারমডেল হিসেবে পরিচিতি পান মিলিন্দ সোমান। পরে অভিনয়েও নিজের জায়গা করে নেন। বিভিন্ন চলচ্চিত্র ও ধারাবাহিকে কাজ করে দর্শকের নজর কাড়েন তিনি। তবে অভিনয়ের বাইরেও তার আরেকটি পরিচয় রয়েছে তিনি একজন আগ্রহী দৌড়বিদ। দীর্ঘ দূরত্বের দৌড়, কঠিন পথ কিংবা প্রতিকূল পরিবেশেও তিনি নিয়মিত দৌড়ান। তার এই অভ্যাস অনেককেই সুস্থ জীবনযাপনের জন্য অনুপ্রাণিত করেছে।

২০১২ সালে স্ত্রী অঙ্কিতা কোনওয়ারকে সঙ্গে নিয়ে তিনি শুরু করেন নারীদের জন্য একটি বিশেষ দৌড় আয়োজন। এর লক্ষ্য ছিল নারীদের খেলাধুলা ও শরীরচর্চায় আরও বেশি যুক্ত করা। মিলিন্দ সোমান বলেন, একসময় তিনি দেখেছিলেন বিভিন্ন দৌড় প্রতিযোগিতায় নারীদের অংশগ্রহণ খুবই কম মাত্র চার থেকে পাঁচ শতাংশ। তখনই তার মনে প্রশ্ন জাগে, যদি শুধুমাত্র নারীদের জন্য এমন আয়োজন করা হয়, তাহলে কি তারা বেশি আগ্রহী হবে? পরবর্তীতে দেখা যায়, এই উদ্যোগ দারুণ সাড়া ফেলেছে। বিভিন্ন শহরে হাজার হাজার নারী এতে অংশ নিতে শুরু করেন।
এই আয়োজনকে আরও অন্তর্ভুক্তিমূলক করতে নেওয়া হয় নানা উদ্যোগ। যেমন বুকের দুধ খাওয়ানোর জন্য বিশেষ স্থান, শাড়ি পরে দৌড় প্রতিযোগিতা, সাইকেল চালানো, যোগব্যায়াম কিংবা হাঁটার আয়োজন। উদ্দেশ্য একটাই যেন কোনো নারী মনে না করেন এই আয়োজন তার জন্য নয়।
ফিটনেস নিয়ে মিলিন্দ সোমান মনে করেন, ফিটনেস মানে সুন্দর শরীর নয়। বরং একজন মানুষ কতটা শারীরিক, মানসিক ও আবেগগত চাপ সামলাতে পারে, সেটিই প্রকৃত ফিটনেস। জীবন যত কঠিনই হোক, যদি শরীর ও মন শক্ত থাকে, তাহলে যেকোনো পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া সম্ভব।
তরুণদের জন্য তার পরামর্শও খুব সহজ অপেক্ষা না করে শুরু করে দিন। নিয়মিত হাঁটা, দৌড়, যোগব্যায়াম বা যেকোনো শরীরচর্চা যেটা ভালো লাগে সেটাই নিয়মিত করা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
আজকের সময় অনেকেই ফিটনেসকে বাহ্যিক সৌন্দর্যের সঙ্গে গুলিয়ে ফেলেন। কিন্তু মিলিন্দ সোমানের মতে, সুস্থ জীবনের আসল রহস্য লুকিয়ে আছে নিয়মিত অভ্যাস, সক্রিয় জীবন এবং মানসিক শক্তির মধ্যে।
সূত্র: ইয়ন
পিআর/এসএন