© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মহাকুম্ভের মোনালিসার বিয়ে হতেই কেন ক্ষুব্ধ পরিচালক সনোজ?

শেয়ার করুন:
মহাকুম্ভের মোনালিসার বিয়ে হতেই কেন ক্ষুব্ধ পরিচালক সনোজ?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:২৪ পিএম | ১২ মার্চ, ২০২৬
মহাকুম্ভের মেলায় চোখের সৌন্দর্যের জন্য রাতারাতি আলোচনায় উঠে আসা মোনালিসা ভোঁসলের জীবনে হঠাৎই নতুন অধ্যায় শুরু হয়েছে। ‘কুম্ভমেলা গার্ল’ নামে পরিচিত এই তরুণী সম্প্রতি বিয়ে করেছেন ফরমান খান নামে এক যুবককে। তিরুঅনন্তপুরমে পুলিশের নিরাপত্তায় সম্পন্ন হয়েছে তাদের বিয়ে। তবে এই বিয়েই এখন নতুন বিতর্কের জন্ম দিয়েছে। কারণ, মোনালিসার এই সিদ্ধান্তে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তাঁর প্রথম ছবির পরিচালক সনোজ মিশ্র।

জানা গেছে, প্রায় ছয় মাস আগে সমাজমাধ্যমে পরিচয় হয়েছিল মোনালিসা ও ফরমান খানের। সেই পরিচয় থেকেই ধীরে ধীরে গড়ে ওঠে সম্পর্ক। ভিন্নধর্মের একজনকে বিয়ে করার সিদ্ধান্ত নেওয়ায় পরিবারের বাধার মুখেও পড়তে হয় মোনালিসাকে। শেষ পর্যন্ত তিনি পুলিশের দ্বারস্থ হন। পরে পুলিশের উপস্থিতিতেই তাদের বিয়ে সম্পন্ন হয়।

কিন্তু এই বিয়ে মেনে নিতে পারছেন না পরিচালক সনোজ মিশ্র। তাঁর দাবি, মোনালিসাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিতে তিনি নিজের সবকিছু উজাড় করে দিয়েছিলেন। মহাকুম্ভ মেলায় মালা বিক্রি করা এক সাধারণ তরুণীকে সেখান থেকেই খুঁজে বের করেন তিনি। এরপর তাঁকে চলচ্চিত্রের নায়িকা বানানোর প্রতিশ্রুতি দেন এবং ‘দ্য ডায়রি অব মণিপুর’ নামে একটি ছবিতে কাজের সুযোগ করে দেন। শুধু তাই নয়, মোনালিসাকে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রচারমুখ হিসেবেও তুলে ধরেছিলেন তিনি। এমনকি নিজের বাড়িতে রেখে তাঁর পড়াশোনার ব্যবস্থাও করেছিলেন বলে দাবি পরিচালকের।



সনোজ মিশ্রের অভিযোগ, মোনালিসার জন্য তিনি প্রায় দশ কোটি টাকা ঋণ নিয়ে সিনেমা শেষ করেছেন। সেই বিনিয়োগের পেছনে ছিল তাঁর বিশ্বাস এবং ভবিষ্যৎ পরিকল্পনা। কিন্তু হঠাৎ করে মোনালিসার বিয়ের সিদ্ধান্তে তিনি ভেঙে পড়েছেন। পরিচালকের দাবি, ফরমান খান নাকি অর্থের লোভেই মোনালিসাকে বিয়ে করেছেন।

ক্ষোভ প্রকাশ করতে গিয়ে সনোজ আরও বলেন, মোনালিসার সরলতা ও সৌন্দর্যই তাঁকে প্রথমে আকৃষ্ট করেছিল। তিনি মনে করেন, এই বিয়ে কোনও সাধারণ প্রেমের পরিণতি নয়, বরং এর পেছনে অন্য উদ্দেশ্য থাকতে পারে। এমনকি অতীতে তাঁর বিরুদ্ধে ওঠা একটি মামলার প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, সেই ঘটনার নেপথ্যেও নাকি একই পক্ষের ষড়যন্ত্র ছিল।

আক্ষেপের সুরে পরিচালক বলেন, মোনালিসাকে তিনি গঙ্গার সন্তান মনে করে নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করেছেন। কিন্তু আজ সেই মোনালিসাই এমন সিদ্ধান্ত নিয়েছেন, যা তাঁকে ভীষণভাবে আঘাত করেছে। পরিচালকের কথায়, যাকে এত কিছু দিয়ে সামনে নিয়ে এলেন, আজ তার কারণেই তিনি যেন মুখ দেখানোর অবস্থায় নেই।

এদিকে মোনালিসার বিয়ের খবর ছড়িয়ে পড়তেই সমাজমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। কেউ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্তকে সমর্থন করছেন, আবার কেউ পরিচালক সনোজ মিশ্রের ক্ষোভকেও গুরুত্ব দিচ্ছেন। ফলে এক সময়ের ভাইরাল মুখ মোনালিসা এখন আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে, তবে এবার কারণ তাঁর ব্যক্তিগত জীবন।

পিআর/এসএন

মন্তব্য করুন