‘লর্ড অব দ্য রিংস’-এ কি অভিনয় করবেন টাইটানিকের কেট?
ছবি: সংগৃহীত
০৪:৩৩ পিএম | ১২ মার্চ, ২০২৬
হলিউডের জনপ্রিয় অভিনেত্রী কেট উইন্সলেট আবারও বড় ফ্যান্টাসি জগতে পা রাখতে চলেছেন এমনটাই শোনা যাচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমে। বিজ্ঞান কল্পকাহিনিভিত্তিক ‘অ্যাভাটার’ সিরিজে অভিনয়ের পর এবার নাকি তিনি যুক্ত হতে পারেন কিংবদন্তি ফ্যান্টাসি সিরিজ ‘লর্ড অব দ্য রিংস’–এর নতুন সিনেমায়।
ইয়নের প্রতিবেদনে জানা যায় নির্মাতাদের সঙ্গে ‘লর্ড অব দ্য রিংস: দ্য হান্ট ফর গোল্লুম’ সিনেমায় অভিনয়ের বিষয়ে আলোচনা চলছে টাইটানিকের রোজ খ্যাত কেট উইন্সলেটের। তবে তিনি সিনেমাটির কোন চরিত্রে অভিনয় করবেন, সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।

এই সিনেমার সবচেয়ে বড় আকর্ষণ হলো অ্যান্ডি সার্কিস আবারও তার বিখ্যাত চরিত্র গোল্লুম–এ ফিরছেন। শুধু অভিনয়ই নয়, সিনেমাটি পরিচালনার দায়িত্বও তার হাতেই। ফলে দর্শকের আগ্রহ ইতিমধ্যেই তুঙ্গে। নতুন সিনেমার গল্পের সময়কাল ধরা হয়েছে ‘দ্য হবিট’ এবং ‘দ্য ফেলোশিপ অব দ্য রিং’–এর মাঝামাঝি সময়। গল্পে দেখা যাবে, আরাগর্ন মরিয়া হয়ে গোল্লুমকে খুঁজছেন কারণ তার আগেই যেন অন্ধকার শক্তির অধিপতি সাওরন গোল্লুমকে না পেয়ে যায়।
‘লর্ড অব দ্য রিংস: দ্য হান্ট ফর গোল্লুম’ সিনেমায়টির প্রযোজক হিসেবে থাকছেন পিটার জ্যাকসন। পরিকল্পনা অনুযায়ী, সিনেমাটি বড় পর্দায় মুক্তি পেতে পারে ২০২৭ সালের ডিসেম্বরে। ‘লর্ড অব দ্য রিংস’ সিরিজকে বিশ্ব সিনেমার ইতিহাসে অন্যতম প্রভাবশালী ও সফল ফ্যান্টাসি চলচ্চিত্র ধরা হয়। এই সিরিজের চলচ্চিত্রগুলো মোট ৩০টি অস্কার মনোনয়ন পেয়ে ১৭টি পুরস্কার জিতেছে। এর মধ্যে ‘দ্য রিটার্ন অব দ্য কিং’ পেয়েছিল সেরা সিনেমার অস্কার। এছাড়া ২০২৪ সালে সিরিজটির অ্যানিমে প্রিক্যুয়েল ‘দ্য ওয়ার অব দ্য রোহিরিম’ মুক্তি পায়, যা দর্শকদের মধ্যেও ব্যাপক আলোচনার জন্ম দেয়।
এখন দেখার বিষয় গোল্লুমকে ঘিরে নতুন এই অভিযানে সত্যিই কি যোগ দিচ্ছেন কেট উইন্সলেট, নাকি এটি কেবল গুঞ্জনই থেকে যাবে। তবে খবরটি সত্যি হলে ফ্যান্টাসি সিনেমাপ্রেমীদের জন্য তা হবে বড় চমক।
পিআর/এসএন