© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরাক উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলায় ভারতীয় ক্রু নিহত

শেয়ার করুন:
ইরাক উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলায় ভারতীয় ক্রু নিহত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:০৬ পিএম | ১২ মার্চ, ২০২৬
ইরাকের বসরা উপকূলের কাছে জলসীমায় মার্কিন মালিকানাধীন তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালিয়েছে ইরান। এই হামলায় ট্যাঙ্কারের ভারতীয় বংশোদ্ভূত এক ক্রু সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বুধবার বসরার কাছে মার্কিন মালিকানাধীন অপরিশোধিত তেলবাহী একটি ট্যাঙ্কারে হামলার ঘটনায় ভারতীয় এক ক্রু নিহত হয়েছেন। বাগদাদে অবস্থিত ভারতীয় দূতাবাস ওই ক্রু সদস্যের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দূতাবাস বলেছে, মার্শাল আইল্যান্ডসের পতাকাবাহী ‘সেফসি বিষ্ণু’ নামের ওই ট্যাঙ্কারে থাকা বাকি ১৫ জন ভারতীয় নাবিককে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

এর আগে, একই দিনে হরমুজ প্রণালিতে থাইল্যান্ডের পতাকাবাহী একটি কার্গো জাহাজে হামলা চালিয়েছিল ইরানের প্রতিরক্ষা বাহিনী। এতে জাহাজটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং তিনজন নাবিক নিখোঁজ হন।

সেই হামলার পর উদ্বেগ প্রকাশ করে একটি বিবৃতি দিয়েছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সেই বিবৃতিতে বলা হয়েছিল, জাহাজটি ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের কান্দলা বন্দরের দিকে আসছিল এবং যে তিন জন নাবিক নিখোঁজ হয়েছেন তাদের মধ্যে ভারতের নাগরিক ছিলেন।

তারপর হরমুজ প্রণালি দিয়ে দুই ট্যাঙ্কার জাহাজকে নিরাপত্তা প্যাসেজ দিয়েছে ইরান। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলেছে, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে সৈয়দ আব্বাস আরাঘচির সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন এস জয়শঙ্কর।

আরব সাগর এবং পারস্য উপসাগরকে যুক্ত করা হরমুজ প্রণালি আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ রুট। প্রতিদিন বিশ্বে যত তেল ও তরল গ্যাসবাহী জাহাজ চলাচল করে, সেসবের ২০ শতাংশই এই রুট ব্যবহার করে।

হরমুজ প্রণালিকে ‘জ্বালানির বৈশ্বিক দরজা’-ও বলা হয়, কারণ মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী দেশগুলো এই পথ ব্যবহার করেই তাদের তেল রপ্তানি করে। হরমুজ না থাকলে মধ্যপ্রাচ্যের তেল সহজে পশ্চিমা বিশ্বে সরবরাহ করা যেতো না।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ জারি করে ইরান। বেশ কয়েকটি কয়েকটি জাহাজে হামলাও চালানো হয়। ব্রিটিশ সংস্থা ইউকে মেরিটাইম অপারেশনের তথ্য অনুসারে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত হরমুজ প্রণালিতে ১৩টির বেশি তেলবাহী জাহাজে হামলা হয়েছে।

সূত্র: এএফপি, আল জাজিরা।

এসএন 

মন্তব্য করুন