© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শক্তিশালী কাস্টিং, তবুও কেন ‘প্রিন্স’-এর টিজারে হতাশ দর্শক?

শেয়ার করুন:
শক্তিশালী কাস্টিং, তবুও কেন ‘প্রিন্স’-এর টিজারে হতাশ দর্শক?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:০০ পিএম | ১২ মার্চ, ২০২৬
আসন্ন ঈদকে ঘিরে ঢালিউডে যে সিনেমাগুলো নিয়ে সবচেয়ে বেশি আলোচনা চলছিল, তার একটি ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’। দীর্ঘ জল্পনা আর প্রতীক্ষার পর অবশেষে প্রকাশ পেয়েছে ছবিটির টিজার, যাকে নির্মাতারা বলছেন ‘প্রি-ব্লাস্ট’। বৃহস্পতিবার দুপুরে প্রকাশিত ১ মিনিট ২৯ সেকেন্ডের এই ঝলকে দেখা গেছে ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানকে একেবারে ভিন্ন আঙ্গিকে। শক্তিশালী কাস্টিং আর আন্ডারওয়ার্ল্ড ঘিরে নির্মিত গল্পের আভাস মিললেও টিজারটি দর্শকের প্রত্যাশা পুরোপুরি পূরণ করতে পারেনি বলে মত অনেকের।



টিজারের শুরু থেকেই স্পষ্ট হয়, ঢাকার অপরাধ জগতকে কেন্দ্র করে এগোবে ছবির গল্প। সেখানে গ্যাংস্টার রূপে হাজির হয়েছেন শাকিব খান। পুরো টিজারে তাকে দুটি ভিন্ন লুকে দেখা গেছে। একটিতে লম্বা চুল ও চোখে কালো চশমা পরে তিনি অ্যাকশন মুডে উপস্থিত, অন্যটিতে ছোট কোঁকড়া চুল, ছোট দাড়ি আর ডেনিম জ্যাকেটে একেবারে আলাদা এক রূপে ধরা দিয়েছেন। এই দুই লুক ঘিরেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে নতুন জল্পনাএটি কি চরিত্রটির অতীতের গল্প, নাকি ছবিতে রয়েছে দ্বৈত চরিত্রের চমক।



ছবির দুই নায়িকার উপস্থিতিও টিজারে চোখে পড়েছে। তাসনিয়া ফারিণকে দেখা গেছে রাতের অন্ধকারে একটি গাড়ির ভেতর, যেখানে তার চরিত্রে রহস্য আর উদ্বেগের ছাপ স্পষ্ট। অন্যদিকে ওপার বাংলার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডুকে দেখা গেছে প্রাণোচ্ছল ও লাস্যময়ী উপস্থিতিতে। যদিও তার উপস্থিতি খুব অল্প সময়ের, তবুও দর্শকের নজর কাড়তে সক্ষম হয়েছে।



টিজারের আরেকটি বড় আকর্ষণ ভারতীয় শিল্পীদের উপস্থিতি। জনপ্রিয় অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্যকে দেখা গেছে নির্মম এক খলনায়কের চরিত্রে। বয়স্ক লুকে পাইপ হাতে জানালার পাশে দাঁড়িয়ে থাকা তার ভাবলেশহীন উপস্থিতি রহস্য তৈরি করেছে। একই সঙ্গে লোকনাথ দে-কে দেখা গেছে চতুর এক গ্যাং নেতার ভূমিকায়, যা টিজারের নাটকীয়তা বাড়িয়েছে।

মেকআপ ও গেটআপে পর্দার চরিত্রগুলো যে একটি জমজমাট অপরাধ জগতের গল্প বলতে চলেছে, টিজার দেখেই তা বোঝা যায়। সামাজিক মাধ্যমে অনেকেই কাস্টিং ও চরিত্রগুলোর লুকের প্রশংসা করেছেন। বিশেষ করে ভারতীয় অভিনেতাদের অ্যাকশন ও ব্যক্তিত্বে অনেকেই বলিউড ঘরানার আবহ খুঁজে পেয়েছেন।



তবে প্রশংসার পাশাপাশি টিজারটি নিয়ে সমালোচনাও কম হয়নি। বিশেষ করে ভিএফএক্স বা বিশেষ দৃশ্য প্রভাব নিয়ে অনেক দর্শক হতাশা প্রকাশ করেছেন। টিজারের শেষদিকে শাকিব খানের হাতে একটি বিশাল অস্ত্র দেখা যায়, যেখান থেকে তিনি প্রতিপক্ষের দিকে গুলির ঝড় তুলছেন এবং ভবন ধ্বংস হয়ে যাচ্ছে। কিন্তু সেই দৃশ্যের গ্রাফিক্স অনেকের কাছেই কৃত্রিম ও অসম্পূর্ণ মনে হয়েছে।

সামাজিক মাধ্যমে সিনেমাপ্রেমীদের অনেকেই মন্তব্য করেছেন, এই দৃশ্যগুলো যেন অনেক পুরোনো সময়ের প্রযুক্তি দিয়ে তৈরি। কেউ কেউ বলেছেন, এত বড় বাজেটের সিনেমা হয়েও টিজারে সেই মানের বিশেষ প্রভাব দেখা যায়নি। আবার কেউ কেউ সমসাময়িক অন্য সিনেমার টিজারের সঙ্গে তুলনা করে বলেছেন, সেখানে প্রযুক্তিগত দিকটি অনেক বেশি শক্তিশালী ছিল।

তবু সব বিতর্কের মাঝেও ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ নিয়ে আগ্রহ কমেনি। কারণ শক্তিশালী অভিনয়শিল্পীদের উপস্থিতি এবং ঢাকার আন্ডারওয়ার্ল্ড ঘিরে গল্পের ইঙ্গিত ইতিমধ্যেই দর্শকদের কৌতূহল বাড়িয়ে দিয়েছে। এখন দেখার বিষয়, ঈদের পর্দায় এই ছবিটি শেষ পর্যন্ত দর্শকদের প্রত্যাশা কতটা পূরণ করতে পারে।

পিআর/এসএন

মন্তব্য করুন