বলিউডে আইটেম গান নিয়ে শাবানা আজমির কড়া সমালোচনা
ছবি: সংগৃহীত
০৬:৫৫ পিএম | ১২ মার্চ, ২০২৬
বলিউডের নানা ইস্যুতে বরাবরই স্পষ্টভাষী বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি। এবার সিনেমায় আইটেম গানের ব্যবহার নিয়ে কড়া সমালোচনা করেছেন জাতীয় পুরস্কারজয়ী এই অভিনেত্রী। তার মতে, আইটেম গান এখন শুধু বিনোদনে সীমাবদ্ধ নেই, আকর্ষণীয় নাচের তালে নারী শরীরের বিশেষ অংশ আবেদনময়ী করে তুলে ধরা হয় যা মূলত পুরুষতান্ত্রিক লালসারই প্রতিফলন।
সম্প্রতি মুম্বাইয়ে আয়োজিত ‘উই দ্য উইমেন’ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, সিনেমা মূলত ছবির মাধ্যমেই গল্প বলে। কিন্তু অনেক আইটেম গানে ক্যামেরা নারীর শরীরের স্পর্শকাতর অংশকে আলাদাভাবে তুলে ধরে, যা পরিচালকের উদ্দেশ্য ও দৃষ্টিভঙ্গিকে প্রকাশ করে। তার ভাষায়, আইটেম গানে অনেক সময় নারী নিজের নিয়ন্ত্রণ হারিয়ে পুরুষের কাছে নিজেকে সমর্পণ করেন।

শুধু দৃশ্যায়ন নয়, আইটেম গানের কথাতেও আপত্তি তুলেছেন এই অভিনেত্রী। শাবানা বলেন, অনেক নারী যুক্তি দেন, পুরুষরা যদি এমনভাবে নিজেদের উপস্থাপন করতে পারেন, তাহলে নারীরা কেন পারবে না। তবে তার প্রশ্ন, পুরুষ যদি নিজেকে বস্তুতে পরিণত করতে রাজি হন, তাহলে একজন নারী কি সেই পথে হাঁটবেন?
সমাজে এর প্রভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করে শাবানা বলেন, বিভিন্ন অনুষ্ঠানে ছোট শিশুদের ‘চোলি কি পিছে ক্যায়া হ্যায়’র মতো গানে নাচতে দেখা যায়, আর বড়রা সেটিকে হাস্যরস হিসেবে নেন। কিন্তু অনেকেই গানের কথার অন্তর্নিহিত অর্থ বা অশালীন দিকটি উপেক্ষা করেন যা সমাজে ভুল বার্তা ছড়ায়।
সাম্প্রতিক সময়ে বলিউডে ‘আজ কি রাত’, ‘পরম সুন্দরী’, ‘উই উম্মা’র মতো আইটেম গান বেশ জনপ্রিয়। তবে শাবানা আজমির মতে, জনপ্রিয়তার আড়ালে থাকা এই আইটেম গান সমাজে নারীকে বস্তু হিসেবে দেখানো হয়।
পিআর/এসএন