মধ্যপ্রাচ্যে সংঘাত, বিপাকে দীপিকা পাড়ুকোন
ছবি: সংগৃহীত
০৭:১৫ পিএম | ১২ মার্চ, ২০২৬
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির প্রভাব এবার পৌঁছে গেল বলিউড তারকা দীপিকা পাড়ুকোনের কর্মসূচিতেও। ইরান ও ইসরায়েল ঘিরে পশ্চিম এশিয়ায় উত্তেজনা বাড়তে থাকায় বিমান চলাচলে দেখা দিয়েছে বড় ধরনের বিঘ্ন। আর সেই কারণেই শেষ মুহূর্তে বাতিল হয়ে গেছে দীপিকার নির্ধারিত উড়ান। ফলে বহু প্রতীক্ষিত প্যারিস ফ্যাশন উইকে আর যোগ দেওয়া হলো না অভিনেত্রীর।
বলিউড সূত্রে জানা গেছে, বিশ্বখ্যাত বিলাসবহুল ব্র্যান্ড লুই ভিত্তোঁর বৈশ্বিক দূত হিসেবে বৃহস্পতিবার প্যারিসে উড়ে যাওয়ার কথা ছিল দীপিকা পাড়ুকোনের। সেই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য কয়েক দিন ধরেই প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। পোশাক নির্বাচন থেকে শুরু করে পুরো উপস্থিতির পরিকল্পনা নিয়ে নিজের দলের সঙ্গে আলোচনাও করছিলেন। কিন্তু মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে ওঠায় হঠাৎ করেই বাতিল হয়ে যায় তার উড়ান।

যুদ্ধের আবহে পশ্চিম এশিয়ার আকাশপথে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় একের পর এক ফ্লাইট বাতিল হচ্ছে। সেই তালিকাতেই ছিল দীপিকার উড়ানটিও। ফলে শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলাতে বাধ্য হন অভিনেত্রী। নির্ধারিত সময়েই প্যারিস ফ্যাশন উইকে যোগ দেওয়ার কথা থাকলেও পরিস্থিতির কারণে তা আর সম্ভব হয়নি।
জানা গেছে, ইরান, ইসরায়েলসহ গোটা পশ্চিম এশিয়ায় যেভাবে উত্তেজনা বাড়ছে, তাতে ভ্রমণ নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করছেন অনেকেই। দীপিকার ক্ষেত্রেও সেই বাস্তবতাই সামনে এসেছে। ফলে সব প্রস্তুতি নেওয়া থাকলেও শেষ পর্যন্ত প্যারিস যাত্রা বাতিল করতে হয়েছে তাকে।
উল্লেখ্য, ২০২২ সালে দীপিকা পাড়ুকোনকে লুই ভিত্তোঁর বৈশ্বিক ব্র্যান্ড দূত হিসেবে ঘোষণা করা হয়। সেই থেকে প্রতি বছরই সংস্থাটির বিভিন্ন আন্তর্জাতিক আয়োজনে অংশ নেন তিনি। প্যারিস ফ্যাশন উইকও তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন। কিন্তু চলতি বছর যুদ্ধ পরিস্থিতির কারণে সেই মঞ্চে দেখা গেল না এই বলিউড তারকাকে।
যদিও দীপিকার দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো বক্তব্য এখনো প্রকাশ করা হয়নি। তবু বিনোদন জগতে খবরটি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। যুদ্ধের প্রভাব যে শুধু রাজনীতি বা অর্থনীতিতেই নয়, বিশ্ব বিনোদন অঙ্গনেও পড়তে পারে দীপিকার প্যারিস যাত্রা বাতিলের ঘটনাই যেন তার আরেকটি উদাহরণ।
পিআর/এসএন