কাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিবেন রাশমিকা?
ছবি: সংগৃহীত
০৮:৫৫ পিএম | ১২ মার্চ, ২০২৬
বিয়ের আনন্দ এখনো কাটেনি, এরই মধ্যে নতুন বিতর্কে জড়িয়ে পড়লেন দক্ষিণী তারকা রাশমিকা মান্দানা। সম্প্রতি অভিনেতা বিজয় দেবরকোণ্ডার সঙ্গে তার বিয়ের অনুষ্ঠান শেষ হয়েছে। কিন্তু বিয়ের কয়েক দিনের মধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে রাশমিকার অতীতের একটি পুরনো অডিও ক্লিপ। সেটি সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েছেন অভিনেত্রী এবং আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
বিয়ের পর স্বামী বিজয় দেবরাকোণ্ডার সঙ্গে কিছুদিন জনসম্মুখ থেকে দূরে থাকার পরিকল্পনা করেছিলেন রাশমিকা। ঘনিষ্ঠজনদের জানানো হয়েছিল, নতুন জীবন শুরু করার এই সময়টা তারা ব্যক্তিগতভাবেই কাটাতে চান। কিন্তু সেই পরিকল্পনা বেশিদিন টেকেনি। হঠাৎই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে তার অতীত সম্পর্ক নিয়ে একটি অডিও ক্লিপ, যা ঘিরে শুরু হয় নতুন আলোচনা।

রাশমিকার অভিনয়জীবন শুরু হয়েছিল ২০১৬ সালে ‘কিরিক পার্টি’ সিনেমার মাধ্যমে। সেই ছবির সেটেই প্রযোজক রক্ষিত শেঠির সঙ্গে তার ঘনিষ্ঠতা তৈরি হয়। পরে তাদের সম্পর্ক প্রেমে রূপ নেয় এবং ২০১৭ সালে দুজনের বাগদানও হয়। কিন্তু সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। ২০১৮ সালেই তাদের বিচ্ছেদ ঘটে। সেই সময় বিচ্ছেদের কারণ নিয়ে দুজনেই প্রকাশ্যে খুব বেশি কিছু বলেননি।
সম্প্রতি ভাইরাল হওয়া অডিও ক্লিপটি সেই পুরোনো সম্পর্ক ঘিরেই বলে দাবি করা হচ্ছে। আর সেটি প্রকাশ্যে আসতেই রাশমিকা স্পষ্ট ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, গত চব্বিশ ঘণ্টায় যে অডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে, তা বিকৃত এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু ব্যক্তিগত পেজ থেকে প্রচার করা হচ্ছে।
অভিনেত্রী আরও জানান, যারা ইচ্ছাকৃতভাবে এই কাজটি করছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। দীর্ঘদিন ধরে নানা বিষয়ে চুপ থেকেছেন তিনি, কারণ সবসময় নিজের কাজ এবং ইতিবাচক বার্তার দিকেই মনোযোগ দিয়েছেন। তবে এবার আর নীরব থাকবেন না বলেই জানিয়েছেন রাশমিকা।
এই ঘটনার পর সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে দেখা যায় অভিনেত্রীকে। সেখানে গণমাধ্যমের নজর এড়াতে মুখ আড়াল করেই দ্রুত বেরিয়ে যেতে দেখা গেছে তাকে। ফলে বিয়ের আনন্দের মধ্যেই নতুন বিতর্কে পড়ে এখন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন দক্ষিণী এই জনপ্রিয় তারকা।
পিআর/টিএ