বাংলাদেশে আইন তার নিজস্ব গতিতে চলবে: প্রতিমন্ত্রী নুর
ছবি: সংগৃহীত
০৯:০৯ পিএম | ১২ মার্চ, ২০২৬
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, আমরা শুনেছি আদালতের রায় আসত গণভবন থেকে। আমরা মনে করি সেই যুগের অবসান হয়েছে। বর্তমান বাংলাদেশে আইন তার নিজস্ব গতিতে চলবে।
আজ বৃহস্পতিবার আইনজীবী অধিকার পরিষদ ঢাকা বার ইউনিটের ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, জুলাই গণ-অভ্যুত্থান-পরবর্তী যে নতুন বাংলাদেশ বিনির্মাণের সামনে আমাদের সুযোগ এসেছে, সেখানে আইনজীবীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমরা বিগত দিনে দেখেছি যে, ফ্যাসিবাদের সময় বারগুলোতে নির্বাচনের নামে জোর-জবরদস্তি করে দখল করা হতো। বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করা হতো।
তিনি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠার পাশাপাশি আইনসভাকে কার্যকর করার জন্য, সংসদকে কার্যকর করার জন্য আইনজীবীদের রাজনীতিতে এগিয়ে আসা উচিত। আইনজীবীদের সংসদে যাওয়ার জন্য আগামী দিনে আইনজীবী অধিকার পরিষদ সুযোগ তৈরি করে দেবে। আগামীতে বিভিন্ন বারের নির্বাচনে অংশগ্রহণের মধ্য দিয়ে তারা সারা বাংলাদেশের আইনজীবীদের সুসংগঠিত করবে।
আইনজীবী অধিকার পরিষদ ঢাকা বার ইউনিটের আহ্বায়ক মো. মমিনুল ইসলামের সভাপতিত্বে ও সদস্যসচিব হাবিবুর রহমান সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আল মামুন, জ্যেষ্ঠ সহসভাপতি ফারুক হাসান, উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ, আইনজীবী অ্যাডভোকেট সরকার নুরে এরশাদ সিদ্দিকী, গণঅধিকার পরিষদের আইন সম্পাদক শওকত হোসেন, সহসম্পাদক অ্যাডভোকেট সাজেদুল ইসলাম, আইনজীবী অধিকার পরিষদের নেতা অ্যাডভোকেট মেহেদী হাসান, অ্যাডভোকেট শিরিন আক্তার শেলী, ইয়ামিন সিরাজী, গৌরাঙ্গ লাল প্রমুখ বক্তব্য দেন।
এসএস/টিএ