জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় নৌবাহিনীর বিশেষ নজরদারি
ছবি: সংগৃহীত
০৯:৪৭ পিএম | ১২ মার্চ, ২০২৬
দেশের সমুদ্রসীমা ও সমুদ্রপথে জ্বালানিবাহী বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বাংলাদেশ নৌবাহিনী।
আন্তর্জাতিক ও আঞ্চলিক বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে চট্টগ্রাম সমুদ্রবন্দর সংলগ্ন এলাকা, গভীর সমুদ্র এবং জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ রুটগুলোতে নৌবাহিনীর টহল ও নজরদারি কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
আইএসপিআর জানায়, দেশের আমদানিকৃত ক্রুড অয়েল, এলএনজি, এলপিজি এবং অন্যান্য জ্বালানি যেমন: পেট্রোল, ডিজেল ও জেট ফুয়েলবাহী জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে এই বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। মূলত সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এবং দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে নিরবচ্ছিন্ন রাখতে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে বর্তমানে সমুদ্রপথে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ও দ্রুতগামী বোট মোতায়েন করা হয়েছে। পাশাপাশি মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফট ও হেলিকপ্টারের মাধ্যমে আকাশ থেকেও সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে। এর ফলে সন্দেহজনক জাহাজ বা নৌযান পর্যবেক্ষণ এবং জ্বালানিবাহী জাহাজের বন্দরে প্রবেশ ও বহির্গমন নিরাপদ করা সম্ভব হচ্ছে।
যে কোনো ধরনের চোরাচালান বা অবৈধ তৎপরতা রোধে উপকূলীয় এলাকায় নৌবাহিনীর বিশেষ অপারেশনাল টিম প্রস্তুত রাখা হয়েছে। এই নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনী বন্দর কর্তৃপক্ষ, কোস্টগার্ড এবং অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে।
দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষা ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনীর এই পেশাদারি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এসকে/টিএ