© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঈদুল ফিতর উপলক্ষে ইত্যাদিতে তারকাবহুল মিউজিক্যাল ড্রামা, থাকছে চমক

শেয়ার করুন:
ঈদুল ফিতর উপলক্ষে ইত্যাদিতে তারকাবহুল মিউজিক্যাল ড্রামা, থাকছে চমক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:০৬ পিএম | ১২ মার্চ, ২০২৬
বরাবরের মতো এবারও ঈদুল ফিতর উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে সেজেছে দেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। এবারের বিশেষ আসরের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে থাকছে ভিন্ন স্বাদের কিছু মিউজিক্যাল ড্রামা, যেখানে অভিনয় করেছেন একঝাঁক জনপ্রিয় তারকা। 

উচ্চবিত্ত, মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের দৈনন্দিন জীবনের নানা টানাপোড়েন এবং সমসাময়িক সমস্যা নিয়ে তিনটি মিউজিক্যাল ড্রামা নির্মিত হয়েছে। এতে অভিনয় করেছেন আব্দুন নূর সজল, তৌসিফ মাহবুব, সারিকা সাবরিন, কুসুম শিকদার, নাসির উদ্দিন খান ও আরফান আহমেদের মতো জনপ্রিয় অভিনয়শিল্পীরা।



সমাজে বাড়তে থাকা নানাবিধ অনিয়ম, প্রতারণা ও বিশ্বাসের সংকটের ওপর ভিত্তি করেও থাকছে মিউজিক্যাল ড্রামা। এতে দম্পতি হিসেবে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম ও রোজী সিদ্দিকী। তাদের সঙ্গে বিক্রেতার চরিত্রে দেখা যাবে ইকবাল হোসেন ও শাওন মজুমদারকে। এই বিশেষ ড্রামাগুলোতে কণ্ঠ দিয়েছেন আকাশ মাহমুদ, রাজিব, পুলক অধিকারী, মৌরী, স্মরণ ও তানজিনা রুমা। সংগীত পরিচালনায় ছিলেন মেহেদী ও আকাশ মাহমুদ।

এছাড়াও এবারের ইত্যাদিতে দর্শকদের জন্য বড় চমক হিসেবে থাকছে চিত্রনায়িকা বুবলীর গায়িকা হিসেবে অভিষেক। কবির বকুলের লেখা একটি গানে ইমরান মাহমুদুলের সঙ্গে কণ্ঠ দিয়েছেন তিনি। পাশাপাশি জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের কণ্ঠে থাকছে এস এ হক অলীকের লেখা নতুন গান ‘বুঝি নাই তো আগে’। নিয়মিত দর্শকপর্বের বিশেষ অতিথি হিসেবে এবার দেখা যাবে অভিনেতা মোশাররফ করিমকে, যিনি নির্বাচিত চারজন দর্শকের সঙ্গে তাৎক্ষণিক অভিনয়ে অংশ নিয়েছেন।

এছাড়া বিদেশি নাগরিকদের অংশগ্রহণ, তমা মির্জা ও জান্নাতুল সুমাইয়া হিমির নাচসহ ইত্যাদি’র চিরচেনা সব বৈচিত্র্যময় আয়োজন তো থাকছেই। হানিফ সংকেতের রচনা, পরিচালনা ও উপস্থাপনায় অনুষ্ঠানটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। ইত্যাদির এই বিশেষ ঈদ পর্বটি প্রচারিত হবে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর বিটিভিতে।

পিআর/টিএ

মন্তব্য করুন