© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঈদ যাত্রা নিরাপদ ও যানজটমুক্ত করতে ডিএমপির বিশেষ নির্দেশনা

শেয়ার করুন:
ঈদ যাত্রা নিরাপদ ও যানজটমুক্ত করতে ডিএমপির বিশেষ নির্দেশনা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:০৬ পিএম | ১২ মার্চ, ২০২৬
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী ঢাকা ছেড়ে যাওয়া কয়েক কোটি মানুষের ঈদ যাত্রা নিরাপদ ও যানজটমুক্ত করতে একগুচ্ছ বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (১২ মার্চ) ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার বিপিএম-সেবা স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনাগুলো জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। তবে নিত্যপ্রয়োজনীয় পণ্য, পচনশীল দ্রব্য, ওষুধ, সার ও জ্বালানি বহনকারী যানবাহন এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ: ১৬ মার্চ থেকে ঈদ যাত্রা সংশ্লিষ্ট যানবাহন ছাড়া অন্য সকল যানবাহনকে ঢাকার গুরুত্বপূর্ণ কিছু সড়ক এড়িয়ে বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে। এর মধ্যে কুড়িল থেকে আব্দুল্লাহপুর, গুলিস্তান থেকে সাইনবোর্ড, মিরপুর রোড (আড়ং ক্রসিং থেকে আমিনবাজার), ফুলবাড়িয়া থেকে বাবুবাজার ব্রিজ এবং আব্দুল্লাহপুর থেকে ধউর ব্রিজ সড়ক অন্যতম।

পরিবহন মালিক ও শ্রমিকদের জন্য কড়াকড়ি: বাস টার্মিনালের ভেতরে যাত্রী উঠিয়ে সরাসরি গন্তব্যে রওনা হতে হবে; রাস্তার ওপর কোনোভাবেই বাস দাঁড় করানো যাবে না। অনুমোদিত কাউন্টার ব্যতীত যত্রতত্র যাত্রী তোলা বা নামানো নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া বাসের ছাদে অতিরিক্ত যাত্রী বহন, নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায় এবং ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় নামানোর বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

চালকদের জন্য বিশেষ সতকর্তা: ডিএমপি জানিয়েছে, একজন চালককে টানা ৫ ঘণ্টার বেশি এবং দিনে ৮ ঘণ্টার বেশি গাড়ি চালাতে বাধ্য করা যাবে না। বেপরোয়া গতি, উল্টো পথে গাড়ি চালানো এবং গাড়ি চালানো অবস্থায় মোবাইল ফোন বা হেডফোন ব্যবহার থেকে বিরত থাকতে বলা হয়েছে। মাদকাসক্ত বা শারীরিক অসুস্থ অবস্থায় গাড়ি চালানো সম্পূর্ণ নিষিদ্ধ।

যাত্রীদের জন্য নির্দেশনা: যাত্রীদের অপরিচিত কারো দেওয়া খাবার বা পানীয় গ্রহণ না করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া ফুটওভার ব্রিজ ব্যবহার, চলন্ত গাড়িতে না ওঠা এবং রাস্তা পারাপারের সময় মোবাইল ফোনে কথা না বলতে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

এছাড়াও যেকোনো জরুরি প্রয়োজনে যাত্রীদের টার্মিনাল পুলিশ কন্ট্রোল রুম অথবা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯- এ যোগাযোগ করার জন্য বলা হয়েছে। রাজধানীর ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখতে এবং মানুষের ঈদ আনন্দ নিশ্চিত করতে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে ডিএমপি।

এসকে/টিএ

মন্তব্য করুন