© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মৃত্যুর আভাস পেয়েছিলেন জুবিন, ধারণা স্ত্রীর

শেয়ার করুন:
মৃত্যুর আভাস পেয়েছিলেন জুবিন, ধারণা স্ত্রীর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৫২ পিএম | ১২ মার্চ, ২০২৬
ভারতের আসামের কিংবদন্তি সংগীতশিল্পী জুবিন গার্গের মৃত্যুর কয়েকমাস পেরিয়ে গেলেও তাকে নিয়ে আলোচনা থামেনি। সম্প্রতি এক অনুষ্ঠানে প্রয়াত এই শিল্পীর স্ত্রী গারিমা গার্গ তার স্বামীর মানসিক অবস্থা এবং জীবন নিয়ে তার জমে থাকা ভয়ের কথা তুলে ধরেন, আবেগপ্রবণ হয়ে পড়েন।

গারিমা গার্গ জানান, জুবিন গত কয়েক বছর ধরে সময়ের দ্রুত বয়ে চলা নিয়ে বেশ সচেতন হয়ে উঠেছিলেন। গরিমা বলেন, গত কয়েক বছর ধরে সে (জুবিন) প্রায়ই বলত- যদি কোনো কিছুকে আমি ভয় পাই, তবে সেটা হলো ‘সময়’।



সে সময় জুবিন কেন এমন কথা বলতেন, তা পুরোপুরি অনুধাবন করতে পারেননি বলে জানান গারিমা। 

তবে তার ধারণা, স্বল্প সময়ের ব্যবধানে একের পর এক নিকটাত্মীয়কে হারানোই হয়তো জুবিনের মনে এমন ভয়ের সৃষ্টি করেছিল। বিষয়টি ব্যাখ্যা করে গারিমা বলেন, আমি জানি না কেন এমনটা হতো। সম্ভবত এটি কোনো স্বর্গীয় ইঙ্গিত বা আভাস ছিল। সে তার মা, বোন এবং প্রিয় বন্ধুকে অকালে হারিয়েছে। খুব অল্প সময়ের মধ্যে এতগুলো মৃত্যু এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা তাকে মানসিকভাবে প্রভাবিত করেছিল।

গারিমা গার্গ এবং জুবিন গার্গ ২০০২ সালের ৪ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় তারা একসঙ্গে কাটিয়েছেন।

২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে মারা যান জুবিন গার্গ। প্রাথমিকভাবে সিঙ্গাপুর কর্তৃপক্ষ তার মৃত্যুকে একটি দুর্ঘটনা হিসেবে চিহ্নিত করেছিল। তবে পরবর্তীতে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দাবি করেন, জুবিনের মৃত্যুটি নিছক দুর্ঘটনা ছিল না। তার এই বক্তব্যের পর ভারতের আসাম সরকার ঘটনাটি তদন্তের জন্য একটি বিশেষ তদন্ত দল (এসআইটি) গঠন করে। বর্তমানে অপরাধমূলক ষড়যন্ত্র এবং অবহেলাজনিত মৃত্যুর মতো একাধিক ধারায় মামলাটির তদন্ত চলছে।

পিআর/টিএ

মন্তব্য করুন