খাল খনন কর্মসূচি পরিদর্শনে শুক্রবার দিনাজপুর যাচ্ছেন সমাজকল্যাণ মন্ত্রী
ছবি: সংগৃহীত
০১:৫১ এএম | ১৩ মার্চ, ২০২৬
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন দুই দিনের সফরে দিনাজপুর যাচ্ছেন। আগামী ১৩ ও ১৪ মার্চ জেলার বিভিন্ন উপজেলায় সরকারি ও সামাজিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
সফরসূচি অনুযায়ী, শুক্রবার (১৩ মার্চ) সকালে ঢাকার ধানমন্ডিতে নিজ বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন মন্ত্রী। সেখান থেকে নাভো এয়ারের একটি ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছে সড়কপথে দিনাজপুরের কাহারোল উপজেলায় যাবেন।
কাহারোলে পৌঁছে প্রধানমন্ত্রীর ঘোষিত দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের স্থান পরিদর্শন করবেন তিনি। পরে দিনাজপুর জেলা প্রশাসন ও বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি।
জানা গেছে, একই দিন বিকেলে ঘোড়াঘাট উপজেলায় ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় গবাদিপশু বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন মন্ত্রী। এরপর সেখানে একটি ইফতার মাহফিলে অংশ নেবেন। এরপর সন্ধ্যায় নবাবগঞ্জে নিজ বাসভবনে পৌঁছে প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে হুইলচেয়ার বিতরণ করবেন তিনি।
সফরসূচি অনুযায়ী শনিবার (১৪ মার্চ) সকালে নবাবগঞ্জ উপজেলার অসহায় ও দুস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচিতে অংশ নেবেন মন্ত্রী। বিকেলে হাকিমপুর উপজেলায় গিয়ে একটি ইফতার মাহফিলে যোগ দেওয়ার কথা রয়েছে।
এদিকে মন্ত্রীর সফরকে কেন্দ্র করে সংশ্লিষ্ট জেলা ও উপজেলা প্রশাসনকে প্রয়োজনীয় নিরাপত্তা ও আনুষঙ্গিক প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
আইকে/টিএ