© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাবির একই হলের ৫ এমপি, সংসদে ছবি শেয়ার করে আলোচনায়

শেয়ার করুন:
ঢাবির একই হলের ৫ এমপি, সংসদে ছবি শেয়ার করে আলোচনায়

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:২৭ এএম | ১৩ মার্চ, ২০২৬
এক সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীম উদ্‌দীন হলের সাবেক শিক্ষার্থী ছিলেন তারা। বর্তমানে ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচিত সংসদ সদস্য। এমন ৫ জন আজ একত্র হয়েছেন সংসদের প্রথম অধিবেশনে।

তারা হলেন- এবিএম মোশাররফ হোসেন, মোহাম্মদ আসাদুজ্জামান, শহীদুল ইসলাম বাবুল, ফজলে হুদা বাবুল ও আতিক মুজাহিদ।

আজ বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। এই অধিবেশনে গিয়ে হলটির সাবেক এই ৫ শিক্ষার্থী তুলেন গ্রুপ ছবি।

পরে সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন ছবিটি ফেসবুকে শেয়ার করে লিখেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয় কবি জসীম উদ্‌দীন হল থেকে নির্বাচিত সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন, আসাদুজ্জামান, শহীদুল ইসলাম বাবুল, ফজলে হুদা বাবুল ও আতিক মুজাহিদ।

জানা গেছে, এই পাঁচজনের মধ্যে চারজন বিএনপি এবং একজন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে নির্বাচনে জয় লাভ করেছেন। এরমধ্যে মোহাম্মদ আসাদুজ্জামান ঝিনাইদহ-১ আসন থেকে নির্বাচিত হয়েছেন। পাশাপাশি তিনি আইনমন্ত্রী হিসেবেও মন্ত্রিসভায় স্থান পেয়েছেন।

এছাড়া পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসন থেকে এবিএম মোশাররফ হোসেন, ফরিদপুর-৪ আসনে শহিদুল ইসলাম বাবুল ও নওগাঁ-৩ (মহাদেবপুর–বদলগাছী) আসনে ফজলে হুদাও বিএনপি থেকে জয়ী লাভ করেন।

অপরদিকে কুড়িগ্রাম-২ আসন থেকে জয়ী লাভ করা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদও এই হলের সাবেক শিক্ষার্থী ছিলেন।

আইকে/টিএ

মন্তব্য করুন