ভাইরাল অডিও ঘিরে আলোচনায় রাশমিকা মান্দানা
ছবি: সংগৃহীত
০৩:৫০ এএম | ১৩ মার্চ, ২০২৬
দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানাকে ঘিরে সামাজিক মাধ্যমে নতুন করে শুরু হয়েছে আলোচনা। সম্প্রতি একটি কথিত ফাঁস হওয়া অডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে, সেটি নাকি অভিনেত্রীর মায়ের কণ্ঠে রেকর্ড করা। অডিওটি সামনে আসতেই ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা ও বিতর্ক।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই অডিওতে রাশমিকা মান্দানার অতীত সম্পর্ক নিয়ে কিছু বক্তব্য শোনা যাচ্ছে বলে দাবি করা হচ্ছে। সেখানে বলা হয়েছে, এক সময় অভিনেতা রক্ষিত শেঠির সঙ্গে সম্পর্কে থাকাকালে তার কিছু পেশাগত সিদ্ধান্ত নিয়ে অস্বস্তি তৈরি হয়েছিল। এমনও দাবি করা হচ্ছে, রক্ষিত নাকি চাইতেন রশ্মিকা চলচ্চিত্রজগৎ থেকে দূরে সরে আসুন।

আরও একটি বিষয় নিয়ে আলোচনার সৃষ্টি হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়ানো ওই অডিও ঘিরে দাবি করা হচ্ছে, একটি সিনেমায় রশ্মিকার চুম্বন দৃশ্য নিয়েও নাকি অসন্তোষ প্রকাশ করেছিলেন রক্ষিত শেঠি। তবে এসব বক্তব্য কতটা সত্য, তা এখনো নিশ্চিত নয়।
এদিকে অডিও ক্লিপটি দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় ভক্তদের মধ্যেও শুরু হয়েছে নানা আলোচনা। অনেকেই মনে করছেন, সেই সময় ব্যক্তিগত সম্পর্ক ও পেশাগত জীবনের মধ্যে ভারসাম্য রাখতে অভিনেত্রীকে নানা চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল।
তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই অডিওর সত্যতা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি রশ্মিকা মান্দানা বা রক্ষিত শেঠি, দুজনের কেউই।
ফলে সামাজিক মাধ্যমে আলোচনা যতই বাড়ুক, ভক্তরা এখন অপেক্ষা করছেন সংশ্লিষ্টদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা বা প্রতিক্রিয়ার জন্য।
আইকে/টিএ