ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত
ছবি: সংগৃহীত
০৫:২১ এএম | ১৩ মার্চ, ২০২৬
ইরানের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করা যুক্তরাষ্ট্রের একটি রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়েছে। এসব রিফুয়েলিং বিমান দিয়ে যুদ্ধবিমানে মাঝ আকাশে জ্বালানি সরবরাহ করা হয়।
বাংলাদেশ সময় আজ শুক্রবার মধ্যরাতে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড এ তথ্য জানিয়েছে। তারা বলেছে, ইরাকের আকাশ সীমায় দুটি বিমানের মধ্যে একটি বিমান বিধ্বস্ত হয়। আরেকটি বিমান নিরাপদে অবতরণ করে। বিমানটি কেসি-১৩৫ মডেলের।
সেন্ট্রাল কমান্ড বলেছে, “কোনো শত্রুর বা ভুলক্রমে ছোড়া গোলাতে বিমান বিধ্বস্ত হয়নি। আরও তথ্য পাওয়া সাপেক্ষে পরবর্তী তথ্য জানানো হবে। বর্তমানে উদ্ধার অভিযান চলছে।”
অসমর্থিত সূত্র জানিয়েছে, বিমানটিতে পাইলটসহ ছয়জন ক্রু ছিলেন। তারা সবাই মারা গেছেন নাকি বেঁচে আছেন সেটি নিশ্চিত করা যায়নি। তবে বিমান বিধ্বস্তে এখন পর্যন্ত অন্তত তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে আরেকটি অসমর্থিত সূত্র।
সূত্র: আলজাজিরা
আইকে/টিএ