© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নারায়ণগঞ্জে ঝুট গোডাউনে আগুন

শেয়ার করুন:
নারায়ণগঞ্জে ঝুট গোডাউনে আগুন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৪৯ এএম | ১৩ মার্চ, ২০২৬
নারায়ণগঞ্জের বন্দরে একটি ঝুট গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ মার্চ) দিনগত রাত ১২টার দিকে বন্দর উপজেলার নবীগঞ্জ কাইতাখালি কাঠপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।


স্থানীয় সূত্রে জানা যায়, নাসিকের ২৪ নম্বর ওয়ার্ডের ওই এলাকার বাসিন্দা মো. জসীমউদ্দিনের মালিকানাধীন একটি ঝুট গোডাউনে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন গোডাউনের ভেতরে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর রাত ১টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে প্রায় এক লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপের কারণে প্রায় তিন লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও পুলিশের একটি মোবাইল টিমের সমন্বিত প্রচেষ্টায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আইকে/টিএ

মন্তব্য করুন