© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাতক্ষীরার কেন্দ্রীয় মায়েরবাড়ি মন্দিরে চুরির ঘটনায় ৬ যুবক আটক

শেয়ার করুন:
সাতক্ষীরার কেন্দ্রীয় মায়েরবাড়ি মন্দিরে চুরির ঘটনায় ৬ যুবক আটক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৪৩ এএম | ১৩ মার্চ, ২০২৬
সাতক্ষীরার কেন্দ্রীয় মায়েরবাড়ি মন্দিরে দুর্ধর্ষ চুরির ঘটনায় জড়িত সন্দেহে এক সংঘবদ্ধ চক্রের ৬ জন যুবককে আটক করেছে সাতক্ষীরা সদর থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দিনভর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
 
আটককৃতরা হলো-পুরাতন সাতক্ষীরা এলাকার মাসুদুর রহমানের ছেলে তানভির রহমান (২১), একই এলাকার রেজাউল হোসেন বাবলুর ছেলে মো. রাকিবুল ইসলাম রাকিব (২৫), শহিদুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম (২০), শাহজাহান আলীর ছেলে আল ইমরান হোসেন সাকিব (২৫), সদরের পারমাছখোলা এলাকার মো. জিয়াউর রহমানের ছেলে রবিউল ইসলাম (২৫) ও সদরের আলিপুর গাংনিয়া মাহামুদপুরের নুর ইসলাম গাজীর ছেলে বাবলু গাজী (৪২)।
 
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মুহা. মাসুদুর রহমান জানান, পুলিশ সুপার মো. আরেফিন জুয়েলের নির্দেশনায় সাতক্ষীরার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িত ৬ জনকে আটক করা হয়েছে। আটক আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
 
এর আগে গত ১১ মার্চ মধ্যরাতে সাতক্ষীরা শহরের পুরাতন সাতক্ষীরা এলাকায় অবস্থিত জেলার কেন্দ্রীয় মায়েরবাড়ি মন্দিরে এ চুরির ঘটনা ঘটে। অভিযোগ করা হয়, মন্দিরের একাধিক কক্ষের তালা কেটে প্রতিমার স্বর্ণালংকার, রুপা ও দানবাক্সের নগদ অর্থ লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। মন্দির কর্তৃপক্ষের প্রাথমিক হিসাব অনুযায়ী, প্রায় ১৮ লাখ টাকার সম্পদ চুরি হয়েছে।
 
সাতক্ষীরা জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন জানান, চোরেরা মায়েরবাড়ি মন্দিরের কালীমন্দির, অন্নপূর্ণা মন্দির, রাধাগোবিন্দ মন্দির ও জগন্নাথ মন্দিরের তালা কেটে ভেতরে ঢোকে। এরপর তারা প্রতিমার বিভিন্ন স্বর্ণালংকার ও দানবাক্সের অর্থ চুরি করে নিয়ে যায়।
 
চুরি হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে- চার ভরি ওজনের দুই জোড়া স্বর্ণের বালা, এক ভরি ওজনের দুই জোড়া শাঁখা, চার আনা ওজনের এক জোড়া কানের দুল, আট আনা ওজনের একটি ‘মায়ের জিভ’, আট আনা ওজনের একটি চেইন, দশ আনা ওজনের একটি নথ, চার আনা ওজনের দুই জোড়া পেটি, প্রায় পাঁচ ভরি রুপা এবং দানবাক্সের নগদ সাত হাজার টাকাসহ অন্যান্য মূল্যবান সামগ্রী।

এসএস/এসএন

মন্তব্য করুন