© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরানের ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা ঠেকাতে ব্যর্থ চীন-রাশিয়া

শেয়ার করুন:
ইরানের ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা ঠেকাতে ব্যর্থ চীন-রাশিয়া

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:২০ এএম | ১৩ মার্চ, ২০২৬
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যেই জাতিসংঘের বৈঠকে পরমাণু ইস্যুতে ইরানের ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা ঠেকাতে ব্যর্থ হলো চীন ও রাশিয়া। বৃহস্পতিবার (১২ মার্চ) বৈঠকে যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলোর সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয় মস্কো-বেইজিংয়ের। যদিও শেষ পর্যন্ত ব্যর্থ হয় তারা। নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য দেশের মধ্যে ১০টি দেশ বৈঠকের পক্ষে ভোট দেয়। ভোটদানে বিরত থাকে পাকিস্তান ও সোমালিয়া।

ইরানকে ঘিরে উত্তপ্ত জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। স্থানীয় সময় বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদের বৈঠকে পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের ওপর নিষেধাজ্ঞা তদারকির জন্য গঠিত ১৭৩৭ কমিটির কাজ নিয়ে আলোচনা তোলে যুক্তরাষ্ট্র। জাতিসংঘে মার্কিন প্রতিনিধি মাইক ওয়াল্টজ রাশিয়া ও চীনের বিরুদ্ধে তেহরানকে রক্ষার অভিযোগ তোলেন।
 
এসময় সব সদস্য রাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা কার্যকরের আহ্বান জানান তিনি। বলেন, জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর উচিত ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা কার্যকর করা, ক্ষেপণাস্ত্র প্রযুক্তি হস্তান্তর ও বাণিজ্য নিষিদ্ধ করা এবং সংশ্লিষ্ট আর্থিক সম্পদ জব্দ করা, যা ২০১৫ সালের আগে জাতিসংঘ নিষেধাজ্ঞার আওতায় ছিল এবং এখন আবার পুনর্বহাল করা হয়েছে।
 
যুক্তরাষ্ট্রের এমন অভিযোগের বিরোধিতা করে ইরানের দুই ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত চীন ও রাশিয়া। রাশিয়ার রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া বলেন, ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা নিয়ে যে আতঙ্ক তৈরি করা হয়েছে তার কোনো প্রমাণ আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার প্রতিবেদনে নেই।
 
রুশ রাষ্ট্রদূতের মতে, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইচ্ছাকৃতভাবেই পরিস্থিতিকে উত্তপ্ত করেছে। ইরান পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা করছে এমন অভিযোগ ঘিরে তারা আতঙ্ক সৃষ্টি করেছে। অথচ এই দাবিগুলোর কোনোটি আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার প্রতিবেদনে কখনও নিশ্চিত করা হয়নি। 
 
চীনের প্রতিনিধি ফু ছং উল্টো যুক্তরাষ্ট্রকেই সংকটের উসকানিদাতা বলে আখ্যা দেন। কূটনৈতিক আলোচনা চলার মধ্যেই ওয়াশিংটন তেহরানের ওপর সামরিক হামলা চালিয়ে পরিস্থিতি জটিল করে তুলেছে বলে মন্তব্য করেন তিনি।
 
যদিও শেষ পর্যন্ত ভোটাভুটিতে চীন-রাশিয়ার পরাজয় হয়। এদিন, ১৫টি সদস্য দেশের মধ্যে ১০টি দেশ ইরানের ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপের পক্ষে ভোট দেয়। ভোটদানে বিরত থাকে পাকিস্তান ও সোমালিয়া। ব্রিটেন ও ফ্রান্সের দাবি, ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ দূর করতে ব্যর্থ হয়েছে এবং দেশটির মজুত ইউরেনিয়াম অন্তত ১০টি পারমাণবিক অস্ত্র তৈরিতে সক্ষম।
 
চলতি মাসে নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব করছে যুক্তরাষ্ট্র। গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের জেরে ওয়াশিংটন এই বৈঠকের জন্য জোর তৎপরতা চালিয়ে আসছিল।

এসএস/এসএন

মন্তব্য করুন