উত্তর ইসরায়েলে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, আহত ৩০
ছবি: সংগৃহীত
০৯:৫৫ এএম | ১৩ মার্চ, ২০২৬
ইরানের নতুন দফার ক্ষেপণাস্ত্র হামলায় শুক্রবার (১৩ মার্চ) ভোরে উত্তর ইসরায়েলে বহু মানুষ আহত হয়েছেন। এতে বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। লাইভ প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সিএনএন।
ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগ জানায়, উত্তরাঞ্চলের আরব শহর জারজির-এ একটি ভবনের ওপর সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে আশপাশের কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং আগুন ধরে যায়। পরে দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মেগান ডেভিড আদম (এমডিএ) জানায়, ঘটনায় প্রায় ৩০ জনকে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের বেশিরভাগই সামান্য আহত।
আহতদের মধ্যে ৩৪ বছর বয়সী এক নারী আছেন, যিনি পিঠে শার্পনেলের আঘাতে মাঝারি রকমের আহত হয়েছেন। এছাড়া ভাঙা কাচের আঘাতে আহত হয়েছে ১৭ বছর বয়সী এক কিশোরী। তাদের হাসপাতালে নেয়া হয়েছে।
এমডিএর মেডিক এরান আবো জানান, ঘটনাস্থলে পৌঁছে তারা কয়েকটি বাড়ির বড় ধরনের ক্ষতি এবং চারদিকে ভাঙা কাচ ছড়িয়ে থাকতে দেখেছেন।
ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেসকিউ প্রকাশিত ছবি ও ভিডিওতে একটি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত, একটি গাড়ি দুমড়ে-মুচড়ে যাওয়া এবং রাস্তাজুড়ে ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা গেছে।
এর আগে উত্তর ইসরায়েলে সাইরেন বেজে ওঠে এবং ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে।
ইরানের রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানায়, ইরান ইসরায়েলের দিকে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। একই সময়ে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের ওপর হামলা চালিয়েছে ইরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ।
টিজে/এসএন