ডিএসইর বাজার মূলধন বাড়ল ৮৯৬১ কোটি টাকা
ছবি: সংগৃহীত
০৯:৫৭ এএম | ১৩ মার্চ, ২০২৬
সূচকের বড় উত্থানের মধ্য দিয়ে চলতি সপ্তাহে লেনদেন হয়েছে দেশের পুঁজিবাজারে। এতে সপ্তাহ ব্যবধানে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন বেড়েছে ৮ হাজার ৯৬১ কোটি টাকা।
পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)
সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ১ দশমিক ২৮ শতাংশ বা ৮ হাজার ৯৬১ কোটি টাকা। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৬ হাজার ৯১২ কোটি টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এই মূলধন ছিল ৬ লাখ ৯৭ হাজার ৯৫১ কোটি টাকা।
চলতি সপ্তাহে ডিএসইতে বেড়েছে সব কয়টি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ১২৭.৫৬ পয়েন্ট বা ২.৪২৩ শতাংশ। ডিএসই-৩০ সূচক বেড়েছে ৫৪.৭৪ পয়েন্ট বা ২.৭২ শতাংশ। আর ডিএসইএস সূচক বেড়েছে ৩০.৭০ পয়েন্ট বা ২.৯৩ শতাংশ।
তবে ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণ। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৬৫৬ কোটি ৮২ লাখ টাকা। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ৩ হাজার ৪৮২ কোটি ৪৫ লাখ টাকা। এক সপ্তাহে লেনদেন কমেছে ৮২৫ কোটি ৬৩ লাখ টাকা।
আর প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ১৬৫ কোটি ১৩ লাখ টাকা বা ২৩.৭১ শতাংশ। চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৫৩১ কোটি ৩৬ লাখ টাকা। এর আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৬৯৬ কোটি ৪৯ লাখ টাকা।
সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৮৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৩২৪টি কোম্পানির, কমেছে ৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানির শেয়ারের দাম।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)
এদিকে সপ্তাহ ব্যবধানে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ও সিএসসিএক্স যথাক্রমে ১.০৪ শতাংশ ও ১.০৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪৯৮০.০৭ পয়েন্টে ও ৯১৫৯.৮০ পয়েন্টে।
এছাড়া সিএসই-৫০ সূচক বেড়েছে ১.৪০ শতাংশ। সূচকটি অবস্থান করছে ১১৫০.১৮ পয়েন্টে। আর সিএসই-৩০ সূচক ০.৮৩ শতাংশ ও সিএসআই সূচক ১.৬৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩৩০৭.৭১ পয়েন্টে ও ৯০৪.৬২ পয়েন্টে।
চলতি সপ্তাহজুড়ে সিএসইতে লেনদেন হয়েছে ১৬৬ কোটি ৫২ লাখ টাকা, যা এর আগের সপ্তাহে ছিল ১০৬ কোটি ২ লাখ টাকা। সপ্তাহ ব্যবধানে লেনদেন বেড়েছে ৬০ কোটি ৫০ লাখ টাকা। সপ্তাহজুড়ে সিএসইতে ২৭১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৪৩টির, কমেছে ১০৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির কোম্পানির শেয়ার দর।
এসএস/এসএন