© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ব্যারেলপ্রতি তেলের দাম ২০০ ডলার হওয়ার সম্ভাবনা কম: মার্কিন জ্বালানিমন্ত্রী

শেয়ার করুন:
ব্যারেলপ্রতি তেলের দাম ২০০ ডলার হওয়ার সম্ভাবনা কম: মার্কিন জ্বালানিমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:২৮ এএম | ১৩ মার্চ, ২০২৬
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেল ২০০ ডলারে পৌঁছানোর যে আশঙ্কা করা হচ্ছে, তাকে নাকচ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট। তিনি মনে করেন, বর্তমান পরিস্থিতিতে তেলের দাম এতটা চড়ার ‘সম্ভাবনা কম’। তবে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা এবং সামরিক সংঘাত নিরসনেই এখন ওয়াশিংটন বেশি গুরুত্ব দিচ্ছে বলে তিনি জানান।

গত বৃহস্পতিবার (১২ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে ক্রিস রাইট এসব কথা বলেন।

এর আগে, ইরানের সামরিক বাহিনীর খাতামুল আম্বিয়া সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জোলফাকারি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সংঘাতের মাত্রা বাড়তে থাকলে বিশ্ববাজারে তেলের দাম ২০০ ডলার স্পর্শ করতে পারে। মূলত ইরানি কর্মকর্তার সেই বক্তব্যের প্রতিক্রিয়াই জানালেন মার্কিন জ্বালানিমন্ত্রী।

জ্বালানি পরিবহনের অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালির বর্তমান পরিস্থিতি নিয়ে সিএনবিসি-কে দেওয়া অন্য এক সাক্ষাৎকারে রাইট জানান, মার্কিন নৌবাহিনী এই মুহূর্তে ওই এলাকায় বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপত্তা (এসকর্ট) দিতে পারছে না। তবে চলতি মাসের শেষ নাগাদ এই সুরক্ষা ব্যবস্থা চালুর ‘প্রবল সম্ভাবনা’ রয়েছে বলে তিনি ইঙ্গিত দেন।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত থাকলে ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে। বিশ্বের মোট জ্বালানি সরবরাহের বড় একটি অংশ এই পথ দিয়ে পরিবাহিত হয়। ফলে এই জলপথ বন্ধ হলে ইতিমধ্যে অস্থিতিশীল থাকা বিশ্ব তেলের বাজার ও শেয়ারবাজারে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

টিজে/এসএন 

মন্তব্য করুন