প্রতিমন্ত্রী নূর / গণভবন থেকে রায় আসার যুগের অবসান হয়েছে
ছবি: সংগৃহীত
১২:৩৯ পিএম | ১৩ মার্চ, ২০২৬
গণভবন থেকে রায় আসার যুগের অবসান হয়েছে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
তিনি বলেন, আমরা শুনেছি আগে আদালতের রায় আসত গণভবন থেকে। আমরা মনে করি সেই যুগের অবসান হয়েছে। বর্তমান বাংলাদেশে আইন নিজস্ব গতিতে চলবে।
গতকাল বৃহস্পতিবার আইনজীবী অধিকার পরিষদ ঢাকা বার ইউনিটের ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী নুর বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর আমাদের সামনে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে সুযোগ এসেছে, সেখানে আইনজীবীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠার পাশাপাশি আইনসভাকে কার্যকর করার জন্য, সংসদকে কার্যকর করার জন্য আইনজীবীদের রাজনীতিতে এগিয়ে আসা উচিত। আইনজীবীদের সংসদে যাওয়ার জন্য আগামী দিনে আইনজীবী অধিকার পরিষদ সেই সুযোগ তৈরি করে দেবে।
আইনজীবী অধিকার পরিষদ ঢাকা বার ইউনিটের আহ্বায়ক মমিনুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আল মামুন, গণঅধিকার পরিষদের জ্যেষ্ঠ সহসভাপতি ফারুক হাসান এবং উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ প্রমুখ বক্তব্য দেন।
এবি/টিএ