ছাত্রলীগ করায় ছেলেকে নোটারি করে ত্যাজ্য ঘোষণা বাবার
ছবি: সংগৃহীত
০১:০৭ পিএম | ১৩ মার্চ, ২০২৬
রাজনৈতিক মতাদর্শের ভিন্নতার কারণে নেত্রকোনায় এক ছাত্রলীগ নেতাকে নোটারি করে ত্যাজ্যপুত্র ঘোষণা করেছেন তার বাবা। এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন ওই ছাত্রলীগ নেতা যা দ্রুতই ভাইরাল হয়ে যায়।
গত মঙ্গলবার (১০ মার্চ) নেত্রকোনা আদালতে নোটারি পাবলিকের মাধ্যমে ত্যাজ্য করার এই আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়। পরে বুধবার (১১ মার্চ) নিজের ফেসবুক আইডিতে ত্যাজ্য হওয়ার নোটারির ছবি দিয়ে ওই পোস্ট করেন নেত্রকোনা জেলা ছাত্রলীগের সহসভাপতি মীর মো. সাজিদুর রহমান ছোটন।
নোটারি সূত্রে জানা গেছে, ছোটনের বাবা মীর মো. আব্দুল মালেক তার ঘোষণায় উল্লেখ করেছেন যে তার পরিবারের অধিকাংশ সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সমর্থন করেন। কিন্তু ছোটন কৈশোর থেকেই পারিবারিক আদর্শ থেকে বিচ্যুত হয়ে ছাত্রলীগ কর্মী হিসেবে সক্রিয় ভূমিকা পালন করছেন। রাজনৈতিক মতবিরোধ এবং বিভিন্ন সময় দাবিদাওয়া আদায়ে অসদাচরণের কারণে পরিবারের সঙ্গে তার দীর্ঘকাল ধরে তিক্ত সম্পর্ক চলছে।
ঘোষণাপত্রে আরও বলা হয়, প্রাপ্তবয়স্ক নাগরিক হিসেবে ছোটনের নিজস্ব মতে চলার অধিকার রয়েছে। তবে তার কোনো কাজের দায়ভার পরিবার নেবে না। তাই পরিবারের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে তাকে ত্যাজ্যপুত্র ঘোষণা করা হয়েছে।
বাবার এই নোটারির ছবি ফেসবুকে শেয়ার করে ছোটন লিখেছেন, ‘বছরের পর বছর আমার সাথে ঘটে যাওয়া প্রত্যেকটি ঘটনা আমি গোপন রাখতে চেয়েছি। তাও কোনো না কোনো ভাবে কারও কাছে প্রকাশ পেয়েই গেছে। আজ আমি ক্লান্ত! তবে বাংলাদেশ ছাত্রলীগের একজন সেরা কর্মী হওয়ার যাত্রায় আমি ক্লান্ত হব না ইনশাআল্লাহ।’
ওই পোস্টে তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার লাইন উদ্ধৃত করে লেখেন, ‘মহা বিদ্রোহী রণক্লান্ত আমি সেইদিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না।’ ছোটনের এমন আবেগঘন পোস্ট দেখে তার রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা দুঃসময়ে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন। ফেসবুকে অনেকেই তাকে সাহসী বীর আখ্যা দিয়ে মন্তব্য করছেন এবং দলের হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণ করছেন।
এবি/টিএ