ফেসবুকে অশালীন মন্তব্য, জাবি শিক্ষার্থী বহিষ্কার
ছবি: সংগৃহীত
০২:৫৩ পিএম | ১৩ মার্চ, ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক নারী শিক্ষার্থীকে ফেসবুকে অশালীন মন্তব্য করায় এক ছাত্রকে সাময়িকভাবে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। অভিযুক্ত শিক্ষার্থীর উদ্ভিদবিজ্ঞান বিভাগের গোলাম রাব্বানী।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের এক শিক্ষার্থীর অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী গোলাম রাব্বানীকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য শৃঙ্খলাসংক্রান্ত অধ্যাদেশ-২০১৮-এর ৪(১) (খ) ধারা অনুযায়ী সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কারকালীন তিনি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে অবস্থান করতে পারবেন না। অভিযুক্ত গোলাম রাব্বানী বিশ্ববিদ্যালয়ের নবাব সলিমুল্লাহ হলের আবাসিক শিক্ষার্থী। অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত শিক্ষার্থী তার ব্যক্তিগত Tuco the ugly নামক একটি ফেসবুক পেজ থেকে বিশ্ববিদ্যালয় সম্পর্কিত একটি বিষয় নেতিবাচক ও আপত্তিকর ভঙ্গিতে উপস্থাপন করে একটি পোস্ট দেন। ওই পোস্টে ইংরেজি বিভাগের এক নারী শিক্ষার্থী মন্তব্যের মাধ্যমে নিজের মতামত প্রকাশ করলে তাকে উদ্দেশ করে অশালীন, কুরুচিপূর্ণ ও আক্রমণাত্মক ভাষায় মন্তব্য করেন গোলাম রাব্বানী।
অভিযোগকারী শিক্ষার্থীর মতে, অভিযুক্তের মন্তব্যে সরাসরি গালিগালাজ ও হুমকিমূলক বক্তব্য ছিল, যা তাকে একজন নারী শিক্ষার্থী হিসেবে অপমানিত ও মানসিকভাবে আতঙ্কিত করেছে। এ ঘটনাকে তিনি সাইবার বুলিং ও অনলাইন হয়রানি হিসেবে উল্লেখ করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেন।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দেওয়া হলেও প্রশাসন প্রথমে সেটিকে তেমন গুরুত্ব না দিলেও পরবর্তী সময়ে এটি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে নিউজ এবং সোশ্যাল মিডিয়ায় ব্যাপার সমালোচনা শুরু হয়। পরে অভিযোগের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে সাময়িক বহিষ্কারের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে।
এসএস/এসএন