এক যুগ পর পর্দায় জুটি বাঁধছেন রবি-তামান্না
ছবি: সংগৃহীত
০৪:৩৫ পিএম | ১৩ মার্চ, ২০২৬
দক্ষিণী সিনেমার পর্দায় আবারও ফিরতে চলেছে রবি তেজা ও তামান্না ভাটিয়া জুটি। প্রায় এক যুগ পর তাদের এই সম্ভাব্য পুনর্মিলন ঘিরে ইতিমধ্যেই তুমুল আগ্রহ তৈরি হয়েছে ভক্তদের মধ্যে।
শোনা যাচ্ছে, শিবা নির্ভানা পরিচালিত নতুন সিনেমা ‘ইরুমুডি’তে অভিনয় করতে যাচ্ছেন এই দুই তারকা। সবকিছু চূড়ান্ত হলে প্রায় ১১ বছর পর আবারও বড়পর্দায় একসঙ্গে দেখা যাবে রবি তেজা ও তামান্নাকে-যা দক্ষিণী সিনেমাপ্রেমীদের জন্য হতে পারে বড় চমক।
পিঙ্কভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, ‘ইরুমুডি’ সিনেমার একটি প্রধান চরিত্রের জন্য তামান্না ভাটিয়াকে বিবেচনা করা হচ্ছে। সিনেমাটির গুরুত্বপূর্ণ ভূমিকায় তাকে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে নির্মাতারা বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি।

এর আগে ‘বেঙ্গল টাইগার’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেন রবি তেজা ও তামান্না ভাটিয়া। ২০১৫ সালে মুক্তি পায় এটি। অ্যাকশন-কমেডি ঘরানার সিনেমাটি পরিচালনা করেন সম্পদ নন্দী। মুক্তির পর সিনেমাটি সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছিল। ‘ইরুমুডি’ সিনেমায় অভিনয়ের খবরটি যদি সত্যি হয়, তবে ১১ বছর পর বড় পর্দায় আবারও একসঙ্গে দেখা যাবে রবি-তামান্নাকে।
বিশ্বাস, ভক্তি এবং আত্মিক পরিবর্তনের মতো বিষয়কে কেন্দ্র করে গড়ে উঠেছে সিনেমাটির গল্প। সিনেমাটিতে আরো অভিনয় করবেন-প্রিয়া ভবানী শঙ্কর, বেবি নক্ষত্র, সাই কুমার, অজয় ঘোষ, ইন্দিরা, রাজকুমার প্রমুখ।
তামান্না অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ওডেলা টু’। গত বছরের ১৭ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি। তেলেগু ভাষার সিনেমাটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। বর্তমানে হিন্দি ভাষার ছয়টি সিনেমার কাজ তামান্নার হাতে রয়েছে। এগুলো হলো-‘রোমিও’, ‘রেঞ্জার’, ‘ভিভ্যান’, ‘মারিয়া আইপিএস’ প্রভৃতি। তাছাড়া তামিল ও তেলেগু ভাষার দুটো সিনেমার কাজও হাতে নিয়েছেন এই অভিনেত্রী।
এমআই/এসএন