‘ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া ও চাঁদাবাজি চলবে না’, সংস্কৃতি প্রতিমন্ত্রীর হুঁশিয়ারি
ছবি: সংগৃহীত
০৫:১৪ পিএম | ১৩ মার্চ, ২০২৬
দৌলতদিয়া ফেরিঘাটে ঈদের সময় অতিরিক্ত ভাড়া ও চাঁদাবাজি চলবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
তিনি বলেন, ঈদের সময় মৌসুমি কাউন্টারে অতিরিক্ত ভাড়া নেওয়া বন্ধ করতে হবে। ঘাট এলাকায় ভাড়ার তালিকা টাঙানো থাকবে। আমরা দৃশ্যমান পরিবর্তন দেখতে চাই, যারা ঈদে বাড়িতে আসবে, ঘাটে পা রাখলেই যেন সেই পরিবর্তন লক্ষ্য করতে পারে।
শুক্রবার (১৩ মার্চ) দুপুর ১২টায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে একমত বিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, মাদকের বিরুদ্ধে সাত দিনের আল্টিমেটাম দিয়েছিলাম, এই সাত দিনে শুধু মাদক সেবনকারীদের ধরা হয়েছে কিন্তু বড় কোনো মাদককারবারিকে ধরা হয় নাই। আমরা মাদককে নির্মূল করতে চাই।
এ সময় তিনি ঈদে সরকারী অনুদানের চাল যেন প্রকৃত অভাবিরা পান, সে ব্যাপারে প্রশাসনকে নির্দেশ দেন। এই ১০ কেজি চাউল যেন দলীয় নেতাকর্মীরা তাদের আত্নীয়-স্বজনদের মাঝে বন্টন না করেন, সে ব্যাপারে নির্দেশনা দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখিয়েছেন। মাদকের ফলে যুব সমাজ নষ্ট হবে। এরফলে আগামী প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। তা ছাড়া, সরকার অফিস আদালতের দৃশ্য মান পরিবর্তন দেখতে চান।
তিনি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, আপনাদের যেসব কার্যক্রম আছে সেগুলো টাঙানো থাকবে। এতে জনগণ তাদের নায্য অধিকার বুঝে নিতে পারবে। আপনারা প্রতিটি দপ্তর এই অর্থবছরে কি করলেন, সেটা জবাবদিহিতা থাকতে হবে। এতে প্রতিটি এলাকার মানুষ জানতে পারবে। তা না হলে আপনাদের সম্পর্কে মানুষ যেটা বলে, সেটা সত্য হিসেবে ধরে নিতে হবে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার, জেলা অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা ভূমি কর্মকর্তা মো. মুনতাসি হাসান খান, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলামসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নের্তবৃন্দ।
এমআই/এসএন