© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরানের স্কুলে নিহতদের পরিবারগুলোর জন্য ২ লাখ ডলার অনুদান ঘোষণা চীনের

শেয়ার করুন:
ইরানের স্কুলে নিহতদের পরিবারগুলোর জন্য ২ লাখ ডলার অনুদান ঘোষণা চীনের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:১৪ পিএম | ১৩ মার্চ, ২০২৬
ইরানের দক্ষিণের হরমজগান প্রদেশের মিনাব শহরের একটি প্রাইমারি স্কুলে যুক্তরাষ্ট্রের নির্বিচার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শিক্ষার্থীদের পরিবারের জন্য ২ লাখ ডলার অনুদানের ঘোষণা দিয়েছে চীন। খবর এএফপির।

প্রতিবেদন মতে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জরুরি মানবিক সহায়তা হিসেবে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটিকে ২ লাখ ডলার দেবে চীনের রেড ক্রস সোসাইটি। এই অর্থ নিহত শিক্ষার্থীদের অভিভাবকদের প্রতি ‘সমবেদনা ও ক্ষতিপূরণ’ হিসেবে দেয়া হচ্ছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ সামরিক আগ্রাসন শুরু করে ইসরাইল ও যুক্তরাষ্ট্র। ওইদিন ইরানের মিনাবে ওই স্কুলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৭৫ জন নিহত হয়। যাদের বেশিরভাগই শিশু শিক্ষার্থী।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন এই হামলাকে আন্তর্জাতিক মানবাধিকার আইনের ‘গুরুতর লঙ্ঘন’ বলে উল্লেখ করেন।

আজ শুক্রবার নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, ‘স্কুল ও শিশুদের ওপর হামলা আন্তর্জাতিক মানবাধিকার আইনের গুরুতর লঙ্ঘন এবং তা বিবেক ও নৈতিকতার সর্বনিম্ন সীমাকেও লঙ্ঘন করে।’

তিনি আরও বলেন, ‘মানবিক দৃষ্টিকোণ থেকে এই কঠিন সময়ে ইরানের জনগণের প্রতি প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখতে চীন প্রস্তুত।’

এদিকে এই হামলার জন্য যুক্তরাষ্ট্রই দায়ী­– এমন বিভিন্ন প্রমাণ সামনে আসার পরও ইসরাইল ও যুক্তরাষ্ট্র উভয়ই হামলার দায় থেকে নিজেদের দূরে রাখার চেষ্টা করেছে। তবে সমালোচকদের মতে, স্কুলে ওই হামলা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের শুরু করা যুদ্ধের ভয়াবহতার প্রতীক হয়ে উঠেছে।

এমআর/টিকে 

মন্তব্য করুন