বাদশাকে নিষিদ্ধ করতে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে চিঠি!
ছবি: সংগৃহীত
০৫:২২ পিএম | ১৩ মার্চ, ২০২৬
নারীশরীরকে ঘিরে আপত্তিকর ইঙ্গিতের অভিযোগে নতুন করে বিতর্কে জড়িয়েছেন বাদশা। তাঁর হরিয়ানভি গান ‘টটীরী’ ঘিরে যে বিতর্ক কয়েক দিন আগে শুরু হয়েছিল, তা এবার রাজনৈতিক পর্যায়েও পৌঁছে গেছে। উত্তরপ্রদেশ মহিলা কমিশনের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ–এর কাছে চিঠি পাঠিয়ে শিল্পীর অনুষ্ঠান নিষিদ্ধ করার দাবি তোলা হয়েছে।
অভিযোগ উঠেছে, গানটির কথা ও দৃশ্যায়নে নারীদের এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যা সমাজে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে স্কুলপোশাক পরা কয়েকজন মেয়েকে গানের দৃশ্যে নাচতে দেখানো নিয়ে আপত্তি আরও তীব্র হয়েছে। অভিযোগকারীদের মতে, এই ধরনের উপস্থাপনা তরুণ প্রজন্মের কাছে ভুল বার্তা পৌঁছে দিতে পারে এবং শিক্ষাব্যবস্থার ওপরও এর বিরূপ প্রভাব পড়তে পারে।

উত্তরপ্রদেশ মহিলা কমিশনের সহসভাপতি অপর্ণা যাদব অভিযোগ করেছেন, গানটিতে ব্যবহৃত ভাষা ও দৃশ্য দুটিই নারীদের মর্যাদাহানিকরভাবে তুলে ধরেছে। তাঁর দাবি, উত্তরপ্রদেশের কোনো জেলাতেই বাদশাকে যেন অনুষ্ঠান করার অনুমতি না দেওয়া হয়। এ বিষয়ে দীর্ঘ চিঠিতে প্রশাসনের হস্তক্ষেপও চাওয়া হয়েছে। একই সঙ্গে শিল্পীর বিরুদ্ধে অভিযোগ নথিভুক্ত করার কথাও সামনে এসেছে।
বিতর্ক বাড়তে থাকায় বাদশা আগেই প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, কাউকে অসম্মান করার উদ্দেশ্যে গানটি তৈরি করা হয়নি। নিজেকে হরিয়ানার সন্তান হিসেবে উল্লেখ করে তিনি বলেন, নারী বা শিশুকে ছোট করে দেখানোর কোনো ইচ্ছা তাঁর ছিল না। বিতর্কের পর গানটি বিভিন্ন মঞ্চ থেকে সরিয়েও নেওয়া হয়েছে।
এদিকে এই বিতর্কে সরব হয়েছেন সোনা মহাপাত্র। সামাজিক মাধ্যমে তিনি গানটির ভাষা ও নির্মাণ নিয়ে প্রশ্ন তুলেছেন। ফলে একটি গানকে ঘিরে শুরু হওয়া বিতর্ক এখন বিনোদন অঙ্গন ছাড়িয়ে সামাজিক ও প্রশাসনিক আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।
পিআর/টিকে