© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গৌরব-কৃতিকার রিসেপশনে হার্ষ-মালাইকা!

শেয়ার করুন:
গৌরব-কৃতিকার রিসেপশনে হার্ষ-মালাইকা!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৪৪ পিএম | ১৩ মার্চ, ২০২৬
নতুন সম্পর্কের গুঞ্জনকে ঘিরে আবারও আলোচনায় মালাইকা আরোরা। কয়েক দিন ধরেই তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে বলিপাড়ায় নানা জল্পনা চলছিল। কখনও তরুণ মডেল সোরাব বেদীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্ত, আবার কখনও হিরে ব্যবসায়ী হার্ষের সঙ্গে প্রকাশ্যে দেখা যাওয়ায় সেই আলোচনা আরও জোরালো হয়েছে।

এবার সেই জল্পনায় নতুন মাত্রা যোগ করল অভিনেতা গৌরব কাপুর ও অভিনেত্রী কৃতিকা কামড়ার বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান। তারকাখচিত ওই আয়োজনে মালাইকার উপস্থিতি যেমন সবার নজর কাড়ে, তেমনি তাঁর পাশে হর্ষ মেহেতাকে দেখে শুরু হয় নতুন ফিসফাস। অনুষ্ঠানস্থলে মালাইকা আলাদা করে আলোকচিত্রীদের সামনে দাঁড়িয়ে ছবি তুললেও হর্ষকে দেখা যায় বেশ আড়ালেই থাকতে। ক্যামেরা সামনে পড়তেই মুখ ঢেকে দ্রুত ভেতরে ঢুকে যান তিনি। আর সেই মুহূর্তই সামাজিক মাধ্যমে নতুন প্রশ্ন তুলেছে সম্পর্ক যদি শুধুই বন্ধুত্বের হয়, তবে এত আড়াল কেন?



রুপালি রঙের খোলা কাঁধের পোশাকে এদিন মালাইকার উপস্থিতি ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। বয়সের ছাপহীন উপস্থিতিতে তিনি আবারও আলোচনার কেন্দ্রে চলে আসেন। তবে চোখ ছিল তাঁর চলাফেরার চেয়ে বেশি, তিনি কার সঙ্গে এলেন আর কার সঙ্গে সময় কাটালেন সেই দিকেই।

কিছু দিন আগেই এক নৈশআড্ডায় সোরাব বেদির সঙ্গে মালাইকাকে ঘনিষ্ঠ ভঙ্গিতে দেখা গিয়েছিল। আয়নার সামনে দু’জনের একসঙ্গে তোলা ছবি ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে শুরু হয় নতুন প্রেমের গুঞ্জন। তারও আগে প্রেমদিবসে বিদেশ সফরে হার্ষ মেহেতার সঙ্গে তাঁর ঘনিষ্ঠ ছবি প্রকাশ্যে আসে। ফলে একই সময়ে দুই ভিন্ন নাম ঘিরে মালাইকাকে নিয়ে কৌতূহল আরও বেড়েছে।

তারকাবহুল এই সংবর্ধনা আয়োজনে উপস্থিত ছিলেন বিদ্যা বালান, ফারহান আকতার, শিবানি দান্দেকর, আলি ফজল, রিচা চাড্ডা, রত্না পাঠক, নাসিরুদ্দিন শাহ, নেহা ধুপিয়া, অঙ্গদ বেদি সহ আরও অনেকে। কিন্তু এত তারকার ভিড়েও আলোচনার কেন্দ্রে ছিলেন একাই মালাইকা।

ব্যক্তিগত সম্পর্ক নিয়ে তিনি এখনও প্রকাশ্যে কিছু বলেননি। কিন্তু তাঁর প্রতিটি উপস্থিতি যেন নতুন করে তৈরি করছে কৌতূহল, আর সেই কৌতূহলই এখন বলিউডের অন্যতম আলোচিত বিষয়।

পিআর/টিকে

মন্তব্য করুন