ইসরায়েলে ফের বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান
ছবি: সংগৃহীত
০৬:০৪ পিএম | ১৩ মার্চ, ২০২৬
ইসরায়েলের দিকে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এদিকে নতুন দফায় এই ক্ষেপণাস্ত্র হামলা শনাক্ত করার কথা জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনীও।
শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় আল-জাজিরার লাইভ আপডেটে এ খবর জানানো হয়।
ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ইরানের পক্ষ থেকে ধেয়ে আসা এক নতুন দফার ক্ষেপণাস্ত্র তারা শনাক্ত করতে পেরেছে। এই ‘হুমকি প্রতিহত’ করতে দেশটির শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো সক্রিয়ভাবে কাজ করছে।
এদিকে হামলার মুখে সম্ভাব্য আক্রান্ত এলাকাগুলোর বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। নিরাপত্তার স্বার্থে সাধারণ মানুষের মোবাইল ফোনে জরুরি সতর্কবার্তা পাঠানো হচ্ছে বলে জানিয়েছে ইসরায়েল।
অন্যদিকে ইরানের তাসনিম নিউজ এজেন্সি তাদের প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েলের নির্দিষ্ট লক্ষ্যবস্তু অভিমুখে এক ঝাঁক ক্ষেপণাস্ত্র (মিসাইল সালভো) নিক্ষেপ করা হয়েছে। এই হামলার পর মধ্যপ্রাচ্যে নতুন করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
উত্তর ইসরায়েলে এক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত দুজন আহত হয়েছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম হায়ারেটজ এই তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর ইসরায়েলের একটি এলাকায় ক্ষেপণাস্ত্রটি আঘাত হানলে ৬০ বছর বয়সী এক ব্যক্তি এবং ৫০ বছর বয়সী এক নারী আহত হন। হামলার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে।
আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে হামলার উৎস বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি।
এসকে/টিকে