© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরানের ড্রোন কৌশলের নেপথ্যে পুতিনের ‘অদৃশ্য হাত’ আছে: ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

শেয়ার করুন:
ইরানের ড্রোন কৌশলের নেপথ্যে পুতিনের ‘অদৃশ্য হাত’ আছে: ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৪৫ পিএম | ১৩ মার্চ, ২০২৬
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে ইরানের সামরিক কৌশলের নেপথ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অদৃশ্য হাত’ রয়েছে বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি। ইরাকের উত্তরাঞ্চলীয় এরবিলে পশ্চিমা বাহিনীর একটি ঘাঁটিতে ড্রোন হামলার একদিন পর তিনি এ মন্তব্য করলেন। খবর গার্ডিয়ানের।

লন্ডনের উত্তর-পশ্চিম যুক্তরাজ্যের সামরিক সদর দফতরের কর্মকর্তারা জন হিলিকে বলেন, ইরান ও তাদের প্রক্সি গোষ্ঠীগুলোর ড্রোনচালকেরা ক্রমেই ‘রাশিয়ানদের রণকৌশল’ গ্রহণ করছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার জবাবে ইরান মধ্যপ্রাচ্যজুড়ে দুই হাজারের বেশি ‘শাহেদ’ ড্রোন ছুড়েছে। রাশিয়া এই ড্রোনগুলো ইউক্রেন যুদ্ধে ব্যাপকভাবে ব্যবহার করে আসছে।

ব্রিটিশ জয়েন্ট অপারেশনের প্রধান লেফটেন্যান্ট জেনারেল নিক পেরি বলেন, রাশিয়া ইরানকে ড্রোন ব্যবহারে বিশেষ কারিগরি পরামর্শ দিচ্ছে বলে প্রতীয়মান হচ্ছে।

যুক্তরাজ্যের নর্থউড সামরিক কমান্ড সেন্টার পরিদর্শনকালে যুক্তরাজ্যের চিফ অব জয়েন্ট অপারেশনস লেফটেন্যান্ট জেনারেল নিক পেরি জন হিলিকে বলেন, রাশিয়া এখন ইরান ও তাদের অনুগত গোষ্ঠীগুলোকে ড্রোন মোতায়েন ও ব্যবহারের বিষয়ে কৌশলগত পরামর্শ দিচ্ছে বলেই মনে হচ্ছে।

পেরি বলেন, ইরানি ড্রোনচালকেরা এখন ড্রোনগুলো অনেক নিচু দিয়ে ওড়াচ্ছে, যা লক্ষ্যবস্তুতে আঘাত হানার ক্ষেত্রে আগের চেয়ে অনেক বেশি কার্যকর এবং এগুলো ঠেকানো বেশ ‘কঠিন’ হয়ে দাঁড়িয়েছে।

গার্ডিয়ান বলছে, ইরান যুদ্ধের মধ্যে সম্প্রতি এরবিলে একটি পশ্চিমা সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত হলেও সেখানে থাকা যুক্তরাজ্যের সেনাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। দুটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

সাংবাদিকদের জন হিলি বলেন, ‘পুতিনের অদৃশ্য হাত যে ইরানের কৌশলের পেছনে কাজ করছে, এতে অবাক হওয়ার কিছু নেই। কারণ, বর্তমানে তেলের আকাশচুম্বী দাম থেকে একমাত্র পুতিনই লাভবান হচ্ছেন। এর ফলে ইউক্রেন যুদ্ধের জন্য তার তহবিলে অর্থের জোগান বাড়ছে।’

এসকে/টিকে

মন্তব্য করুন