© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অন্তঃসত্ত্বা নন, তবু গুঞ্জনে খুশি নীনা গুপ্তা!

শেয়ার করুন:
অন্তঃসত্ত্বা নন, তবু গুঞ্জনে খুশি নীনা গুপ্তা!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৪৬ পিএম | ১৩ মার্চ, ২০২৬
ছবির একটি মুহূর্ত, একটি শাড়ি, আর তার পরেই শুরু জোর আলোচনা। সামাজিক মাধ্যমে হঠাৎ ছড়িয়ে পড়ে খবর ছেষট্টি বছর বয়সে নাকি আবার মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী নীনা গুপ্তা কয়েক ঘণ্টার মধ্যেই গুঞ্জন এতটাই ছড়িয়ে পড়ে যে শেষ পর্যন্ত নিজেকেই এ নিয়ে মুখ খুলতে হয় অভিনেত্রীকে।

সম্প্রতি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা-কে ঘিরে আয়োজিত এক প্রীতিভোজে স্বামীকে সঙ্গে নিয়ে হাজির হয়েছিলেন নীনা। সাদা রঙের রেশমি শাড়ি ও গলার নকশাদার ব্লাউজে তাঁর উপস্থিতি নজর কাড়ে সবার। অনুষ্ঠানের কয়েকটি ছবি দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই অনেকের চোখে পড়ে তাঁর পেটের অংশ কিছুটা উঁচু দেখাচ্ছে। সেখান থেকেই শুরু হয় নতুন জল্পনা অভিনেত্রী কি তবে অন্তঃসত্ত্বা?

গুঞ্জন বাড়তেই নীনা সরাসরি জানান, তিনি অন্তঃসত্ত্বা নন। তাঁর কথায়, শাড়ির কাপড়ের গঠন এমন ছিল যে পেটের অংশ ফুলে আছে বলে মনে হয়েছে। তবে এই খবর ছড়িয়ে পড়ায় বিরক্ত নন তিনি, বরং বিষয়টি মজার বলেই মনে করেছেন।



রসিকতার সুরে অভিনেত্রী বলেন, তাঁর বয়সে দাঁড়িয়ে কেউ যদি মনে করেন তিনি মা হতে পারেন, তা হলে সেটাই প্রমাণ করে সমাজের দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে। তাঁর মন্তব্য, এ থেকেই বোঝা যায় দেশ এগোচ্ছে।

এই প্রসঙ্গে আবার সামনে আসে তাঁর অভিনীত বহুল আলোচিত ছবি বাধাঁই হো। সেই ছবিতে বেশি বয়সে সন্তানসম্ভবা এক নারীর চরিত্রে অভিনয় করেছিলেন নীনা, যেখানে মধ্যবয়স পেরিয়ে নতুন মাতৃত্বের গল্প দেখানো হয়েছিল। ছবিটি দর্শকমনে গভীর ছাপ ফেলেছিল এবং বাণিজ্যিকভাবেও বড় সাফল্য পেয়েছিল।

বাস্তব জীবনেও নীনা বরাবরই প্রচলিত সামাজিক ধারণার বাইরে নিজের পথ বেছে নিয়েছেন। একসময় একক মাতৃত্বের সিদ্ধান্ত নিয়ে আলোচনার কেন্দ্রে এসেছিলেন তিনি। তাঁর মেয়ে মাসাবা গুপ্তার জন্মের সময় সেই সিদ্ধান্ত ঘিরে তীব্র সমালোচনাও হয়েছিল। কিন্তু সময়ের সঙ্গে সেই সাহসী অবস্থানই হয়ে উঠেছে তাঁর ব্যক্তিত্বের অন্যতম পরিচয়।

নতুন এই গুঞ্জনও তাই শেষ পর্যন্ত বিতর্কের চেয়ে বেশি জায়গা করে নিল তাঁর রসবোধ আর আত্মবিশ্বাসের জন্য।

পিআর/টিকে

মন্তব্য করুন