© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হরমুজ প্রণালি নিয়ে চিন্তিত না হতে বললেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

শেয়ার করুন:
হরমুজ প্রণালি নিয়ে চিন্তিত না হতে বললেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:১৭ পিএম | ১৩ মার্চ, ২০২৬
হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা করছে ইরান। ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল–যুক্তরাষ্ট্র ইরানে যৌথ আক্রমণের পর চাপ প্রয়োগের অংশ হিসেবে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা করছে তেহরান।

তবে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলছেন, এটা নিয়ে চিন্তিত হওয়ার মতো কিছু নেই। তিনি বলেন, বিশ্ব এখন দেখছে-হরমুজ প্রণালিতে ইরান চরম হতাশা থেকে এমন পদক্ষেপ নিচ্ছে।

পেন্টাগনে এক ব্রিফিংয়ে পিট হেগসেথ বলেন, এটি এমন একটি বিষয়, যা আমরা মোকাবিলা করছি এবং আগেও করেছি। তাই এটি নিয়ে উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। 

তিনি জানান, বর্তমানে প্রণালিতে জাহাজ চলাচলের পথে প্রধান বাধা হচ্ছে ইরানের গুলি বা হামলা। তার ভাষায়, এই মুহূর্তে প্রণালিতে চলাচল বাধাগ্রস্ত হওয়ার একমাত্র কারণ ইরান জাহাজ লক্ষ্য করে গুলি ছুড়ছে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, তেহরান নানা ধরনের পদক্ষেপ নেওয়ার কথা বলেছে এবং সেসব সম্ভাবনার জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুতি নিচ্ছে।

‘আমাদের কাছে সব বিকল্পের জন্য পরিকল্পনা আছে। এই প্রণালিকে আমরা বিরোধপূর্ণ অবস্থায় থাকতে দেব না’ বলেন তিনি। হেগসেথ এ সময় ইরানের বর্তমান ও ভবিষ্যৎ সামরিক সক্ষমতা ধ্বংস করার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন।

এদিকে জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন বলেন, হরমুজ প্রণালিতে মাইন বসাতে পারে-এমন ইরানি জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করার বিষয়টিকে যুক্তরাষ্ট্র অগ্রাধিকার দিচ্ছে।

গতকাল বৃহস্পতিবার ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি প্রথমবারের মতো তার বক্তৃতায় বলেন, চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে হরমুজ প্রণালি কার্যত বন্ধই থাকবে।

এমআর/টিকে 

মন্তব্য করুন