থালাপতির সঙ্গে পরকীয়ার গুঞ্জন ও সম্পর্ক নিয়ে মুখ খুললেন অভিনেত্রী তৃষা কৃষ্ণন?
ছবি: সংগৃহীত
০৮:৩১ পিএম | ১৩ মার্চ, ২০২৬
দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় মুখ তৃষা কৃষ্ণনকে ঘিরে আবারও জোর আলোচনা। সম্প্রতি বিজয়-এর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে নতুন করে গুঞ্জন ছড়িয়েছে। ব্যক্তিগত জীবনের এই চর্চার মাঝেই পুরনো এক সাক্ষাৎকারের বক্তব্য আবার সামনে এসেছে, যেখানে তৃষা স্পষ্ট বলেছিলেন অসুখী দাম্পত্যের চেয়ে তিনি ভালোবাসার সম্পর্কে থাকতে বেশি স্বচ্ছন্দ, কিন্তু এমন বিয়ে চান না যার শেষ পরিণতি হবে বিচ্ছেদ।
বিগত কয়েক দিনে বিজয়কে ঘিরে ব্যক্তিগত জীবনের নানা আলোচনা দক্ষিণী বিনোদন অঙ্গনে নতুন উত্তাপ তৈরি করেছে। তাঁর স্ত্রী সংগীতা স্বর্ণালিঙ্গম-এর সঙ্গে আইনি দূরত্বের খবর প্রকাশ্যে আসার পর থেকেই সহ-অভিনেত্রী হিসেবে তৃষার নাম ঘুরে ফিরে আসছে। একটি পারিবারিক অনুষ্ঠানে বিজয় ও তৃষাকে একসঙ্গে দেখা যাওয়ার পর জল্পনা আরও বেড়ে যায়।

তবে সম্পর্ক নিয়ে সরাসরি কোনও মন্তব্য করেননি তৃষা। সাম্প্রতিক এক অনুষ্ঠানে বিজয়কে নিয়ে প্রশ্ন করা হলে তা এড়িয়ে যান তিনি। কিন্তু বহু বছর আগে নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে দেওয়া বক্তব্য এখন নতুন অর্থে আলোচিত হচ্ছে।
এক সময় চেন্নাইয়ের ব্যবসায়ী ও প্রযোজক বরুন মানীয়ান-এর সঙ্গে বাগ্দান হয়েছিল তৃষার। ২০১৫ সালে সেই সম্পর্ক আনুষ্ঠানিক রূপ পেলেও কয়েক মাসের মধ্যেই তা ভেঙে যায়। বিচ্ছেদের কারণ নিয়ে তিনি প্রকাশ্যে কিছু না বললেও, পারিবারিক আপত্তির কথা তখন শোনা গিয়েছিল। সেই সময়ই তৃষা জানিয়েছিলেন, তাড়াহুড়ো করে বিয়ে করে পরে অসুখী হতে চান না। তাঁর কথায়, এমন সম্পর্কে থাকার কোনও অর্থ নেই যেখানে মানসিক শান্তি থাকে না। বিচ্ছেদের অভিজ্ঞতা থেকেও দূরে থাকতে চান বলেই সিদ্ধান্তে ধীর হতে চান তিনি।
বাগ্দানের দিনেই সামাজিক মাধ্যমে তিনি লিখেছিলেন, অভিনয় ছেড়ে দেওয়ার কোনও প্রশ্নই নেই অভিনয়ই তাঁর দীর্ঘ জীবনের সঙ্গী হবে। সেই বক্তব্যও আবার নতুন করে আলোচনায় এসেছে, কারণ ব্যক্তিগত জীবন নিয়ে যতই গুঞ্জন থাকুক, কাজের জায়গায় তিনি এখনও সমান সক্রিয়।
এর আগে অভিনেতা রানার সঙ্গেও তৃষার সম্পর্ক নিয়ে দীর্ঘদিন আলোচনা ছিল। সেই সম্পর্কও শেষ পর্যন্ত বিয়েতে পৌঁছায়নি।
চল্লিশে পা দিয়েও তৃষা নিজের ব্যক্তিগত সিদ্ধান্তে এখনও দৃঢ় ভালোবাসা চাই, কিন্তু আপসের বিয়ে নয়। আর সেই কারণেই হয়তো নতুন গুঞ্জনের মাঝেও তিনি নীরব থাকতেই স্বচ্ছন্দ।
পিআর/টিকে