© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তিক্ততা ভুলে ‘রাজনীতি ২’-তে একসঙ্গে রণবীর ও ক্যাটরিনা?

শেয়ার করুন:
তিক্ততা  ভুলে ‘রাজনীতি ২’-তে একসঙ্গে রণবীর ও ক্যাটরিনা?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৪৫ পিএম | ১৩ মার্চ, ২০২৬
এক সময় তাঁদের সম্পর্ক ছিল বলিউডের সবচেয়ে আলোচিত অধ্যায়ের একটি। প্রেম, একসঙ্গে থাকা, বিয়ের পরিকল্পনা সবকিছুই ছিল প্রায় প্রকাশ্য। পরে সেই সম্পর্ক ভেঙেছে তিক্ততার মধ্য দিয়ে, এমনকি একই ছবির প্রচারে প্রকাশ্য অস্বস্তিও নজরে এসেছিল। বহু বছর পর আবার কি একই পর্দায় ফিরতে চলেছেন রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ।

নতুন করে এই জল্পনার সূত্র একটি ছবিকে ঘিরে। পরিচালক প্রকাশ ঝা জানিয়েছেন, তাঁর বহুল আলোচিত রাজনৈতিক ছবি রাজনীতি-র দ্বিতীয় পর্ব নিয়ে ভাবনা শুরু হয়েছে। যদিও অভিনেতা-অভিনেত্রীর নাম এখনও চূড়ান্ত হয়নি, তবু দর্শকমহলে প্রশ্ন প্রথম ছবির মতো কি আবারও একসঙ্গে দেখা যাবে রণবীর ও ক্যাটরিনাকে?



দুজনের সম্পর্কের শুরু হয়েছিল প্রায় ২০০৮-২০০৯ নাগাদ, আজাব প্রেম কী গাজাব কাহিনী-র শুটিং চলাকালে। সে সময় রণবীরের নাম জড়িয়েছিল দীপিকা পাড়ুকোনের সঙ্গে, আর ক্যাটরিনা ছিলেন সালমান খানের-এর ঘনিষ্ঠ পরিসরে। পরে সেই সম্পর্ক বদলে যায়, এবং রণবীর-ক্যাটরিনার ঘনিষ্ঠতা দ্রুত আলোচনার কেন্দ্রে উঠে আসে।

একসময় তাঁরা একসঙ্গে থাকতে শুরু করেন, এমনকি বিয়ের প্রস্তুতির কথাও শোনা যায়। ২০১৬ সালের দিকে সম্পর্ক ভাঙনের খবর সামনে আসে। তবে ব্যক্তিগত দূরত্ব সত্ত্বেও পেশাদার দায়বদ্ধতায় শেষ করেন জগ্গা জাসুস-এর কাজ। সেই ছবির প্রচারে তাঁদের মধ্যে প্রকাশ্য কথাকাটাকাটিও আলোচনায় আসে।

এরপর আর বড় পর্দায় একসঙ্গে দেখা যায়নি তাঁদের। শুধু একটি বিজ্ঞাপনে সংক্ষিপ্তভাবে কাজ করেছিলেন দুজন। তাই নতুন ছবির সম্ভাবনা ঘিরে স্বাভাবিকভাবেই আগ্রহ তৈরি হয়েছে।

যদিও সময় অনেক বদলে গেছে। রণবীর এখন বিবাহিত আলিয়ার সঙ্গে, অন্যদিকে ক্যাটরিনা সংসার গড়েছেন ভিকি কৌশল-এর সঙ্গে। ব্যক্তিগত সম্পর্কের নতুন সমীকরণে পুরনো অস্বস্তি অনেকটাই মুছে গেছে বলেই মনে করা হয়। এমনকি রণবীর ও ভিকির বন্ধুত্ব এবং ক্যাটরিনা-আলিয়ার সৌহার্দ্যও বলিউডে আলোচিত।

তাই যদি সত্যিই ‘রাজনীতি’-র নতুন অধ্যায়ে তাঁদের একসঙ্গে দেখা যায়, তা হলে তা শুধু একটি ছবির প্রত্যাবর্তন হবে না, বলিউডের এক পুরনো অধ্যায়েরও নতুন পাঠ হয়ে উঠতে পারে।

পিআর/টিকে 

মন্তব্য করুন