প্রথম বার ভৌতিক কাহিনিতে অভিনয় করবেন অভিষেক বচ্চন!
ছবি: সংগৃহীত
০৯:০০ পিএম | ১৩ মার্চ, ২০২৬
বলিউডে যেন নতুন এক অধ্যায়ে পা রেখেছেন অভিষেক বচ্চন। গত কিছু সময় ধরে ধারাবাহিকভাবে ভিন্নধর্মী চরিত্রে নিজেকে হাজির করে আলোচনায় থাকা এই অভিনেতাকে এবার দেখা যেতে পারে ভৌতিক কাহিনির কেন্দ্রে। ইন্ডাস্ট্রির অন্দরমহলে জোর গুঞ্জন, প্রথমবারের মতো রহস্য ও আতঙ্কঘেরা এক গল্পে অভিনয়ের জন্য প্রাথমিক আলোচনা এগিয়েছে সিদ্ধার্থ আনন্দ-এর সঙ্গে। যদিও নির্মাতা বা অভিনেতার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবু প্রাথমিক পর্যায়ের এই আলোচনাই নতুন আগ্রহ তৈরি করেছে দর্শকমহলে।
সম্প্রতি কিং ছবিতে তাঁর চরিত্রের ধরন নিয়ে আলোচনা শুরু হয়েছে জোরালোভাবে। সেখানে নেতিবাচক চরিত্রে দেখা যাবে তাঁকে যা তাঁর পরিচিত পর্দা-ইমেজের বাইরে নতুন মাত্রা যোগ করছে। সেই কাজের মধ্যেই আবার আরেকটি ভিন্ন ঘরানার ছবির সঙ্গে নাম জড়ানোয় স্পষ্ট, নিজের দ্বিতীয় অধ্যায়কে অনেক বেশি সচেতনভাবে সাজাচ্ছেন অভিষেক।

নতুন যে ছবির কথা শোনা যাচ্ছে, সেখানে ভয়ের আবহের সঙ্গে থাকবে রহস্য আর রোমাঞ্চের মিশেল। শুধু অভিনয় নয়, প্রযোজনার দায়িত্বেও থাকতে পারেন সিদ্ধার্থ আনন্দ। নির্মাতার পরিকল্পনায় ছবিটিকে এমনভাবে সাজানো হচ্ছে যাতে গল্পে আবেগের জায়গাও শক্তিশালী থাকে। জানা গেছে, কাহিনির ভেতরে আবারও উঠে আসবে বাবা-মেয়ের সম্পর্কের সূক্ষ্ম টানাপড়েন যে আবেগ সম্প্রতি দর্শক ইতিবাচকভাবে গ্রহণ করেছে।
এর আগে আই ওয়ান্ট টু টক-এ বাবা-মেয়ের সম্পর্কনির্ভর চরিত্রে অভিষেকের অভিনয় প্রশংসিত হয়েছিল। নতুন ছবিতেও সেই আবেগ থাকলেও নির্মাতা তাঁকে একেবারে অন্য রূপে হাজির করতে চান। বাণিজ্যিক সাফল্যের কথা মাথায় রেখে চিত্রনাট্যে কাজ চলছে বলেও জানা যাচ্ছে।
সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি বছরের সেপ্টেম্বর থেকেই ছবির শুটিং শুরু হতে পারে। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও বলিউডে এখন আলোচনার কেন্দ্রে ভৌতিক কাহিনির নতুন নায়ক হিসেবে অভিষেকের নাম।
পিআর/টিকে