© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কর্ণফুলীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল আইনজীবীর

শেয়ার করুন:
কর্ণফুলীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল আইনজীবীর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:০৬ পিএম | ১৩ মার্চ, ২০২৬
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় উল্টোপথে আসা একটি ট্রাকের ধাক্কায় কাওসার হোসেন সম্রাট (৩৫) নামে এক আইনজীবী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বড়উঠান ডাকপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম।

নিহত কাওসার হোসেন সম্রাট অবসরপ্রাপ্ত শিক্ষক রুহুল আমিনের ছেলে।

তার গ্রামের বাড়ি শরীয়তপুর জেলা হলেও ছোটবেলা থেকেই পরিবারসহ কর্ণফুলীর দৌলতপুর এলাকায় বসবাস করছিলেন। তার পরিবারে স্ত্রী ও দুটি কন্যাসন্তান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে চাতরী চৌমুহনী বাজার থেকে মোটরসাইকেলযোগে দৌলতপুর এলাকার নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন কাওসার। পথে বড়উঠান ডাকপাড়া এলাকায় পৌঁছালে উল্টোপথে আসা একটি অজ্ঞাত ট্রাক তার মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়।

এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা রুহুল আমিন জানান, বাজার করতে মোটরসাইকেলে করে চাতরী চৌমুহনী গিয়েছিলেন তার ছেলে। পরে দুর্ঘটনার খবর পেয়ে জানতে পারেন তিনি আর বেঁচে নেই।

শুক্রবার জুমার নামাজের পর তার জানাজা অনুষ্ঠিত হয়েছে।

এসকে/টিকে

মন্তব্য করুন