© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শুটিংয়ের ব্যস্ততার মধ্যেই দুর্ঘটনার সম্মুখীন অভিনেত্রী স্বর্ণকমল

শেয়ার করুন:
শুটিংয়ের ব্যস্ততার মধ্যেই দুর্ঘটনার সম্মুখীন অভিনেত্রী স্বর্ণকমল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫০ পিএম | ১৩ মার্চ, ২০২৬
শুটিংয়ের ব্যস্ততার মধ্যেই ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়লেন টেলিভিশন অভিনেত্রী স্বর্ণকমল দত্ত। দুই হাতে ব্যান্ডেজ, আঙুল ও হাতে একাধিক সেলাই নিয়েই এখন কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। নতুন ধারাবাহিক শুধু তোমারই জন্য-এর শুটিং শুরু হওয়ায় ছুটি নেওয়ার সুযোগও পাচ্ছেন না অভিনেত্রী।

দোল উৎসবের আগের দিন বাড়িতেই ঘটে এই দুর্ঘটনা। অভিনেত্রীর কথায়, সেদিন তেলের মালিশ নেওয়ার পর ঘরের মেঝে কিছুটা পিচ্ছিল হয়ে ছিল। ঠিক সেই সময় মায়ের ফোন আসে। দ্রুত ফোন ধরতে গিয়ে আচমকাই পা পিছলে পড়ে যান তিনি। সামনে রাখা ছিল মাছের অ্যাকোরিয়াম। বুঝে ওঠার আগেই সেটির উপরেই পড়ে যান স্বর্ণকমল। মুহূর্তের মধ্যে ভেঙে যায় কাচের অ্যাকোরিয়াম, চারদিকে ছড়িয়ে পড়ে ধারালো কাচের টুকরো। সেই ভাঙা কাচের উপরেই গিয়ে পড়ে তাঁর হাত।



ফলে আঙুল ও হাতে গুরুতর আঘাত পান অভিনেত্রী। চিকিৎসকদের সেলাই দিতে হয় মোট ১৮টি। শুধু হাতেই নয়, কোমর ও পায়েও চোট পেয়েছেন তিনি। দুর্ঘটনার পর কয়েক দিন তীব্র ব্যথায় ভুগলেও শুটিং বন্ধ রাখার সুযোগ ছিল না। নতুন ধারাবাহিকের কাজ শুরু হওয়ায় আগেভাগে পর্ব জমা রাখার চাপও রয়েছে প্রযোজনা দলের।

এই অবস্থাতেও চিকিৎসা নিয়ে শুটিংয়ে হাজির হচ্ছেন স্বর্ণকমল। কখনও শিরায় ইনজেকশন নিয়ে, কখনও ব্যথা সামলেই ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন তিনি। শুটিং ইউনিটের সদস্যরা তাঁর যেন বেশি কষ্ট না হয়, সে দিকেও খেয়াল রাখছেন বলে জানিয়েছেন অভিনেত্রী। তবে দুর্ঘটনার পর একদিন হাত-পা ও মুখ এতটাই ফুলে গিয়েছিল যে, সেদিন শুটিংয়ে যেতে পারেননি তিনি।

সব কষ্টের মাঝেও কাজের প্রতি দায়বদ্ধতাই যেন সবচেয়ে বড় হয়ে উঠেছে তাঁর কাছে। তাই আঘাত নিয়েই আবারও শুটিং ফ্লোরে ফিরেছেন স্বর্ণকমল।

পিআর/টিকে  

মন্তব্য করুন