© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পর্তুগালে পুলিশের অভিযানে ৩০ মিলিয়ন ইউরোর মানি লন্ডারিং চক্রের ১৫ সদস্য আটক

শেয়ার করুন:
পর্তুগালে পুলিশের অভিযানে ৩০ মিলিয়ন ইউরোর মানি লন্ডারিং চক্রের ১৫ সদস্য আটক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:০১ পিএম | ১৩ মার্চ, ২০২৬
পর্তুগালে পুলিশের এক সমন্বিত অভিযানে প্রায় ৩০ মিলিয়ন ইউরোর এক বিশাল মানি লন্ডারিং চক্রের সন্ধান মিলেছে। দেশটির অপরাধ তদন্ত সংস্থা ‘Polícia Judiciária’ পরিচালিত এই অভিযানে অন্তত ১৫ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ নগদ অর্থ, বিলাসবহুল গাড়ি ও গুরুত্বপূর্ণ নথিপত্র জব্দ করা হয়েছে।

তদন্তকারীরা বলছেন, এটি সাম্প্রতিক সময়ের অন্যতম বড় মানি লন্ডারিংবিরোধী অভিযান। পর্তুগালের বিভিন্ন অঞ্চলে একযোগে তল্লাশি চালিয়ে এই আন্তর্জাতিক অপরাধ চক্রের কার্যক্রম ভেঙে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ‘Operação Almocreve’ নামে পরিচালিত এই অভিযানে প্রায় ২০০ পুলিশ সদস্য অংশ নেন।

পুলিশ সূত্রে জানা গেছে, রাজধানী লিসবনসহ আশপাশের অন্তত ৪০টি স্থানে তল্লাশি চালানো হয়। এসব অভিযানে সন্দেহভাজনদের বাসা, ব্যবসা প্রতিষ্ঠান এবং ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত বিভিন্ন তথ্য ও নথি জব্দ করা হয়েছে। তদন্তকারীদের মতে, এই চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন ভুয়া বা নামসর্বস্ব কোম্পানি ব্যবহার করে অবৈধ অর্থ বৈধ বা ‘সাদা’ করার কাজ করছিল। এভাবে প্রায় ৩০ মিলিয়ন ইউরোর বেশি অর্থ বিভিন্ন দেশে স্থানান্তর করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

চক্রটি মূলত ‘মানি মিউল’ হিসেবে পরিচিত ব্যক্তিদের ব্যবহার করত। এই ব্যক্তিরা কমিশনের বিনিময়ে নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট অপরাধীদের হাতে তুলে দিত বা তাদের হয়ে অর্থ লেনদেন করত। তদন্তে জানা গেছে, অনেক ক্ষেত্রে এসব ব্যক্তিকে প্রতিদিন ১,০০০ থেকে ১,৫০০ ইউরো পর্যন্ত পারিশ্রমিক দেওয়া হতো।

পুলিশ জানায়, এই নেটওয়ার্কের কার্যক্রম শুধু পর্তুগালেই সীমাবদ্ধ ছিল না; স্পেন ও ফ্রান্সসহ ইউরোপের আরও কয়েকটি দেশের সঙ্গে এই চক্রের যোগসূত্র রয়েছে। এই তদন্তে ইউরোপীয় আইনশৃঙ্খলা সংস্থা ‘ইউরোপোল’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

অভিযানের সময় প্রায় ২ লাখ ২০ হাজার ইউরো নগদ অর্থ, কয়েকটি বিলাসবহুল গাড়ি, বহু ব্যাংক কার্ড, কম্পিউটার ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মানি লন্ডারিং, জালিয়াতি এবং সংগঠিত অপরাধে অংশগ্রহণের অভিযোগ আনা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু হবে।

পর্তুগালের আইনশৃঙ্খলা বাহিনী এই অভিযানকে সংগঠিত আর্থিক অপরাধের বিরুদ্ধে বড় ধরনের সাফল্য হিসেবে দেখছে। তদন্ত এখনো চলমান রয়েছে এবং ভবিষ্যতে এই চক্রের আরও সদস্য গ্রেপ্তার হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এমআই/টিকে

মন্তব্য করুন