সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির আর তদবির: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
১০:৩৫ পিএম | ১৩ মার্চ, ২০২৬
স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিশ্বাস করেন, সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির আর তদবির। সেই তদবিরগুলো হচ্ছে পোস্টিং-টোস্টিং এই সব বিষয়ে। যেগুলো দরকার আছে সেসব করতে হবে। কিন্তু সেগুলোকেই যদি প্রধান গুরুত্ব দেই, তাহলে তো মুশকিল হবে।’
শুক্রবার (১৩ মার্চ) বিকেলে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইন্সটিটউট মিলনায়তনে ঠাকুরগাঁও জেলা সমিতির ইফতার মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিএনপির সরকার তদবির নয়, সব ক্ষেত্রে মেধার গুরুত্ব দেবে।
মির্জা ফখরুল বলেন, “আমাদের ছেলেরা শুধু ঘুরে-ঘুরে চাকুরি খোঁজে। এভাবে চাকুরি তো পাওয়া যাবে না। এজন্য আমাদের নিজেদেরকে আত্ম কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, বিনিয়োগ করতে হবে, ছোট-ছোট উদ্যোগ নিয়ে কাজ করতে হবে। মেধাকে প্রাধান্য দিতে হবে। আমরা শুধু ‘অমুকের ভাই…। ভাই একটু বলে দেন।’ এগুলো করলে হবে না।”
এ সময় নিজের জেলা ঠাকুরগাঁওয়ের উন্নয়নে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, চার লেনের সড়ক নির্মাণসহ অবকাঠামোর উন্নয়ন এবং স্থানীয় জনগণের জীবন মান উন্নয়নে কাজ করার বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি। এ সময় তিনি সমিতির নামে বিভক্তি সৃষ্টির সমালোচনা করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা সমিতির সদস্য এবং বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এসকে/টিকে