© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জ্বালানি মূল্যে ‘মুনাফাখোরি’ রুখতে কড়া বার্তা ব্রিটিশ প্রধানমন্ত্রীর

শেয়ার করুন:
জ্বালানি মূল্যে ‘মুনাফাখোরি’ রুখতে কড়া বার্তা ব্রিটিশ প্রধানমন্ত্রীর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৩৮ পিএম | ১৩ মার্চ, ২০২৬
মধ্যপ্রাচ্যে চলমান সামরিক সংঘাতের জেরে বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ার আশঙ্কায় কঠোর অবস্থানে নিয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সাফ জানিয়ে দিয়েছেন, এই সংকটময় পরিস্থিতিতে জ্বালানি পণ্যের দাম বাড়িয়ে বাড়তি মুনাফা করা বা ‘মুনাফাখোরি’ কোনোভাবেই বরদাশত করা হবে না।

ক্রমবর্ধমান জ্বালানি খরচ সাধারণ মানুষের ওপর যাতে বিরূপ প্রভাব না ফেলে, তা নিশ্চিত করতে সরকার সম্ভাব্য সবকিছু করার প্রস্তুতি নিচ্ছে বলে তিনি জানান।

এই পরিস্থিতির মোকাবিলায় ব্রিটিশ প্রধানমন্ত্রী জানিয়েছেন, আজই লন্ডনের ডাউনিং স্ট্রিটে জ্বালানি সংস্থা এবং পেট্রল খুচরা বিক্রেতাদের সঙ্গে জরুরি বৈঠক করবেন দেশটির চ্যান্সেলর র‍্যাচেল রিভস ও জ্বালানিসচিব এড মিলিব্যান্ড। বৈঠকে জ্বালানি পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার উপায় এবং সংস্থাগুলো বর্তমানে কী ধরনের পদক্ষেপ নিচ্ছে, তা নিয়ে বিশদ আলোচনা করা হবে। সাধারণ গ্রাহকদের সুরক্ষার স্বার্থে সরকার জ্বালানি ব্যবসায়ীদের ওপর বাড়তি চাপ প্রয়োগ করতে যাচ্ছে বলেই মনে করা হচ্ছে।

এরই মধ্যে যুদ্ধের বিস্তৃতি ও প্রভাব নিয়ে নতুন তথ্য সামনে এনেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তিনি নিশ্চিত করেছেন যে, গত রাতে ব্রিটিশ রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) টাইফুন যুদ্ধবিমানগুলো বাহরাইনে তাদের সামরিক কার্যক্রম আরও বিস্তৃত করেছে।

মধ্যপ্রাচ্যের সংঘাতের এই নতুন মাত্রা ব্রিটিশ সরকারের উদ্বেগকে আরও বাড়িয়ে তুলেছে, যা সরাসরি জ্বালানি বাজার ও জাতীয় নিরাপত্তার ওপর প্রভাব ফেলছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

সূত্র: বিবিসি

এমআর/টিকে 

মন্তব্য করুন