সুশান্তের মতোই কি কার্তিককেও কোণঠাসা করা হচ্ছে?
ছবি: সংগৃহীত
১০:৫৬ পিএম | ১৩ মার্চ, ২০২৬
বলিউডে কার্তিক আরিয়ান-কে ঘিরে নতুন করে শুরু হয়েছে আলোচনা। একদিকে সাম্প্রতিক ছবি প্রত্যাশা পূরণ করতে না পারার চাপ, অন্যদিকে নতুন কাজ নিয়ে অনিশ্চয়তা সব মিলিয়ে অভিনেতাকে ঘিরে নানা প্রশ্ন উঠছে ইন্ডাস্ট্রির ভেতরে। গত বছর সংগীত পরিচালক অমাল মালিক প্রকাশ্যে বলেছিলেন, বলিউডে কার্তিককে নাকি ধীরে ধীরে কোণঠাসা করার চেষ্টা চলছে। সেই মন্তব্যে তিনি তুলনা টেনেছিলেন প্রয়াত সুশান্ত সিং রাজপুত-এর সঙ্গেও, যা নিয়ে তখনই শুরু হয়েছিল তীব্র বিতর্ক।
সম্প্রতি কার্তিকের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি তু মেরী ম্যায় তেরা, ম্যায় তেরা তু মেরী বক্স অফিসে প্রত্যাশিত সাড়া পায়নি। ছবির ব্যর্থতার পর ইন্ডাস্ট্রিতে এমন কথাও শোনা যায়, প্রযোজনা সংস্থার আর্থিক ক্ষতির একটি অংশ নাকি ফেরত দিতে হয়েছে অভিনেতাকে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কেউ কিছু বলেননি, তবু এই খবর কার্তিকের পেশাগত অবস্থান নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে।

এরই মধ্যে নতুন আলোচনার কেন্দ্রে এসেছে প্রিয়দর্শন-এর একটি মন্তব্য। প্রথমে শোনা যাচ্ছিল, হাঙ্গামা-র নতুন পর্বে কার্তিককে ভাবা হয়েছিল। পরে জানা যায়, সেই প্রস্তাবে তিনি আগ্রহ দেখাননি। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে প্রিয়দর্শন বলেন, তিনি আগে চিত্রনাট্য ভাবেন, তারপর চরিত্রের সঙ্গে মানানসই অভিনেতা নির্বাচন করেন। একইসঙ্গে জানান, এখন তিনি বরুণ ধাওয়ান-কে নিয়ে একটি নতুন কাজের পরিকল্পনা করছেন, কারণ তাঁর মতে বরুণের হাস্যরসের উপস্থিতি আলাদা শক্তি তৈরি করে।
এই মন্তব্যের পর থেকেই কার্তিককে নিয়ে অনুরাগীদের মধ্যে অস্বস্তি বাড়ে। অনেকে মনে করছেন, বড় নির্মাতাদের গুরুত্বপূর্ণ প্রকল্প থেকে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছেন তিনি। যদিও পরিচালক স্পষ্ট করেছেন, একই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন আয়ুষ্মান খুরানা ও সিদ্ধার্থ মালহোত্রা-ও। পরে তিনি জানান, ছবিটি করছেন মিজান জাফরি-কে নিয়ে।
এর পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও গত কয়েক দিনে আলোচনায় ছিলেন কার্তিক। নতুন সম্পর্কের গুঞ্জন, সহকর্মীদের সমালোচনা, এমনকি প্রকাশ্যে অভিনয় দক্ষতা নিয়েও কটাক্ষ সব মিলিয়ে বিতর্ক যেন একের পর এক জড়ো হচ্ছে তাঁর চারপাশে। প্রশান্ত নারায়ণ সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁকে কঠোর ভাষায় সমালোচনা করেন। তবে এতসব আলোচনা সত্ত্বেও কার্তিক এখনো নীরব। প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া না দিয়ে নিজেকে আড়ালেই রেখেছেন তিনি।
পিআর/টিকে