ট্রাম্পের উপদেষ্টা ড্যারেন বিটির ভিসা বাতিল করল ব্রাজিল
ছবি: সংগৃহীত
০৭:৩৪ এএম | ১৪ মার্চ, ২০২৬
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কট্টর ডানপন্থি উপদেষ্টা ড্যারেন বিটির ভিসা বাতিল করেছে ব্রাজিল সরকার। দেশটির সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর সঙ্গে দেখা করার পরিকল্পনা ছিল বিটির।
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা গতকাল শুক্রবার নিশ্চিত করেছেন যে, বিটির ভিসা প্রত্যাহার করা হয়েছে। একে তিনি ওয়াশিংটনে ব্রাজিলীয় কর্মকর্তাদের ভিসা বাতিলের মার্কিন সিদ্ধান্তের পাল্টা পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন।
যাঁদের ভিসা বাতিল করা হয়েছে তাদের মধ্যে ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী আলেকজান্দ্রে পাদিলহাও রয়েছেন। ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রীর মার্কিন ভিসা গত বছর বাতিল করা হয়েছিল।
রিও ডি জেনিরোতে এক অনুষ্ঠানে লুলা বলেন, সেই আমেরিকান ব্যক্তি যিনি জইর বলসোনারোর সঙ্গে দেখা করতে এখানে আসতে চেয়েছিলেন, তাকে নিষিদ্ধ করা হয়েছে। যতক্ষণ না তারা আমার স্বাস্থ্যমন্ত্রীর ভিসা দিচ্ছে, ততক্ষণ আমি তাকে ব্রাজিলে আসার অনুমতি দিচ্ছি না।
পৃথকভাবে ব্রাজিলীয় কর্মকর্তারা এএফপিসহ বিভিন্ন সংবাদ সংস্থাকে জানিয়েছেন, বিটি তার ভিসার আবেদনে সফরের উদ্দেশ্য সম্পর্কে মিথ্যা তথ্য দিয়েছিলেন।
বলসোনারো প্রেসিডেন্ট ট্রাম্পের একজন কট্টর ডানপন্থি মিত্র। ২০২২ সালের নির্বাচনের পর অভ্যুত্থান চেষ্টার অভিযোগে বর্তমানে তিনি ২৭ বছরের কারাদণ্ড ভোগ করছেন।
শুক্রবারের এই সিদ্ধান্ত ব্রাজিল ও মার্কিন সরকারের মধ্যে বিদ্যমান উত্তেজনারই বহিঃপ্রকাশ, যদিও সাম্প্রতিক সময়ে ট্রাম্প ও লুলার মধ্যে সম্পর্কের কিছুটা উন্নতি লক্ষ্য করা গিয়েছিল।
গত আগস্টে বলসোনারোর বিচার প্রক্রিয়ার প্রতিবাদে ব্রাজিলের ওপর কঠোর শুল্ক আরোপ করেন ট্রাম্প, যা বিশ্বের মধ্যে অন্যতম সর্বোচ্চ। তিনি বলসোনারোর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানান এবং ব্রাজিলের বিরুদ্ধে ডানপন্থি কণ্ঠস্বর দমনের অভিযোগ তোলেন।
এসকে/টিএ