মাকে ছাড়া এবারই প্রথম জন্মদিন কাটবে আমার: শবনম ফারিয়া
ছবি: সংগৃহীত
১০:০৮ এএম | ১৪ মার্চ, ২০২৬
বিয়ের পর জীবনের নতুন অধ্যায়ে পা রাখার কয়েক মাসের মধ্যেই এলো অভিনেত্রী শবনম ফারিয়ার জন্মদিন। ছোটপর্দার পরিচিত এই মুখের জন্য এবারের দিনটি অন্যবারের তুলনায় আলাদা, কারণ প্রথমবারের মতো জন্মদিন কাটছে শ্বশুরবাড়িতে, আর মাকে ছাড়া দিনটি পার করার অভিজ্ঞতাও এবারই প্রথম।
নিজের ভাষায়, এবারের জন্মদিন কীভাবে কাটবে তা তিনি নিজেও পুরোপুরি জানেন না। এত দিন পরিবারের সঙ্গে দিনটি কাটানো ছিল অভ্যাস, বিশেষ করে মায়ের উপস্থিতি ছিল জন্মদিনের সবচেয়ে বড় অংশ। কিন্তু এবার নতুন সংসারের বাস্তবতায় তিনি থাকবেন শ্বশুরবাড়িতে। যদিও দিনের কোনো এক সময় মায়ের সঙ্গে দেখা করার ইচ্ছা রয়েছে তাঁর।
তবে চারপাশের আয়োজন দেখে তাঁর মনে হচ্ছে, দিনটিকে ঘিরে বিশেষ কিছু পরিকল্পনা চলছে। শ্বশুরবাড়ির সদস্য এবং ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু মিলে তাঁকে চমকে দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলেই ধারণা তাঁর। কিন্তু পুরো বিষয়টি এত গোপনে রাখা হয়েছে যে আগাম কিছুই জানতে পারছেন না অভিনেত্রী।
অভিনয়ের ক্ষেত্রেও আগের মতো ব্যস্ত নন শবনম ফারিয়া। এবার ঈদ উপলক্ষে তিনি কাজ করেছেন বঙ্গ এর একটি বিশেষ আয়োজনে। ‘জ্ঞানীগুণী’ ধারাবাহিকের আলাদা পাঁচটি গল্পে অভিনয় করেছেন তিনি, যেখানে প্রতিটি চরিত্রই ভিন্ন স্বাদের। কাজটি পরিচালনা করেছেন ইমন। এর বাইরে এবারের ঈদের জন্য আর কোনো নাটকে দেখা যাবে না তাঁকে।

কেন এত কম কাজ করছেন এই প্রশ্নের উত্তরে শবনম ফারিয়া বলেন, দীর্ঘ সময় ধরে কাজ করার পর এখন সব ধরনের প্রস্তাবে সাড়া দেওয়ার ইচ্ছা নেই। তাঁর বিশ্বাস, অভিজ্ঞতার একটি পর্যায়ে এসে শিল্পীদের বেছে কাজ করাই স্বাভাবিক। শুধু উপস্থিত থাকার জন্য নয়, নিজের পছন্দ এবং সময়ের ভারসাম্য রেখেই কাজ করতে চান তিনি।
তাঁর মতে, এখন নতুনদের সময়। নতুন প্রজন্মের শিল্পীরা বেশি কাজ করবে, নিজেদের জায়গা তৈরি করবে এটাই স্বাভাবিক প্রবাহ। সিনিয়রদেরও সেই জায়গা করে দেওয়া উচিত। চাকরি, সংসার এবং ব্যক্তিগত সময়ের মধ্যে দু-একটি নির্বাচিত নাটকেই আপাতত সন্তুষ্ট তিনি।
নতুন প্রজন্মের কাজ নিয়েও ইতিবাচক মন্তব্য করেছেন অভিনেত্রী। নিয়মিত নাটক বা সিনেমা দেখার সুযোগ না হলেও যতটুকু দেখেছেন, তাতে নতুনদের কাজ ভালো লাগছে তাঁর। বিশেষ করে সাদিয়া আয়মানর অভিনয় তাঁকে মুগ্ধ করেছে উৎসব ছবিতে। পাশাপাশি কেয়া পায়েল ও মুশফিক ফারহান এর কাজও তাঁর নজরে আছে।
এই সময়ের নাটক নিয়ে তাঁর মূল্যায়নও আশাবাদী। তিনি মনে করেন, সংখ্যায় কম হলেও মানসম্মত নাটক হচ্ছে, বড় আয়োজনে ভালো বাজেটের কাজও তৈরি হচ্ছে। কিছু নির্মাতা নিজেদের দক্ষতা দিয়ে আলাদা পরিচয় তৈরি করছেন, যা ছোটপর্দার জন্য ইতিবাচক।
সংসারজীবন নিয়েও স্বস্তির কথাই বলেছেন শবনম ফারিয়া। নতুন পরিবার তাঁকে আপন করে নিয়েছে বলে জানান তিনি। স্বামীকে তিনি সহজ-সরল এবং আন্তরিক মানুষ হিসেবে দেখছেন, যা নতুন জীবনে স্বস্তি এনে দিয়েছে।
বিয়ের পর প্রথম ঈদও কাটবে নতুন পরিবেশে। উত্তরায় শ্বশুরবাড়িতেই ঈদ করার পরিকল্পনা তাঁর। তবে ছুটির দিনগুলো কীভাবে কাটবে, সে সিদ্ধান্ত এখনও চূড়ান্ত নয়। সম্ভবত চাঁদরাতেই দুজনে বসে ঠিক করবেন এবারের ঈদের সময়সূচি।
পিআর/টিএ